logo

মদ্যপানের অভিযোগ, ম্যাচের মাঝপথেই বদলে ফেলা হলো রেফারিকে

মদ্যপানের অভিযোগ, ম্যাচের মাঝপথেই বদলে ফেলা হলো রেফারিকে
ছবি: ভিডিও থেকে নেওয়া

চোট কিংবা কৌশলগত কারণে ফুটবল ম্যাচের মাঝপথে খেলোয়াড় বদলে ফেলা খুবই স্বাভাবিক ঘটনা। কিন্তু খেলার মাঝপথে বদলে ফেলা হলো স্বয়ং রেফারিকে! এমনই এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছে এএফসি চ্যাম্পিয়নস লিগ টু। মদ্যপ অবস্থায় ম্যাচ পরিচালনার অভিযোগ ওঠার পর বিরতিতেই মাঠের রেফারির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় সিরিয়ান রেফারি হান্না হাত্তাবকে। তবে শারীরিক অসুস্থতার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বলে দাবি করেছেন তার এক সহকর্মী।

বুধবার (২৫ নভেম্বর) আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল জাজিরা ও ইরানের গোল গোহার। ম্যাচের শুরু থেকেই হাত্তাবের একাধিক সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করছিলেন ফুটবলাররা। পরিস্থিতি চরমে পৌঁছায় ম্যাচের ৩২তম মিনিটে।

Advertisement

মাঝমাঠে গোল গোহার ফুটবলার আলী আসগর আশুরিকে ফাউল করেন আল জাজিরার মিলসন। অথচ ফাউলের সঙ্গে কোনো সম্পৃক্ততা না থাকা আল জাজিরার গোলরক্ষক এরসিন দেস্তানোগলুকে ডেকে হলুদ কার্ড দেখান রেফারি। ইরানি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চতুর্থ রেফারির সঙ্গে আলোচনার পর সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেন হাত্তাব।

প্রথমার্ধে সাতটি হলুদ কার্ড দেখান ৩৭ বছর বয়সী এই রেফারি বলে জানিয়েছে একাধিক সংবাদমাধ্যম। একপর্যায়ে গোল গোহার কোচ মেহদি রাহমাতিকে রেফারির বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ তুলতে দেখা যায়।

বিরতির সময় রেফারি পরিবর্তন করা না হলে দ্বিতীয়ার্ধে মাঠে না নামার হুঁশিয়ারি দেয় ইরানি ক্লাবটি। শেষ পর্যন্ত হাত্তাবের পরিবর্তে ম্যাচ পরিচালনার দায়িত্ব পান চতুর্থ রেফারি আম্মার আবু আলু। তবে দ্বিতীয়ার্ধে চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেন হাত্তাব।

ম্যাচ শেষে গোল গোহার দলের ম্যানেজার হায়দার আফসারি দাবি করেন, রেফারির আচরণ স্বাভাবিক ছিল না। এমনকি প্রতিপক্ষের ফুটবলাররাও বিষয়টি তাদের জানিয়েছিলেন।

তবে বার্তা সংস্থা এএফপিকে আম্মার জানিয়েছেন, হাত্তাব মদ্যপান করেননি। ক্লান্তির পাশাপাশি হঠাৎ রক্তচাপ কমে যাওয়ায় সমস্যায় পড়েছিলেন তিনি। অন্যদিকে ওমানের সাংবাদিক ইসা সাঈদের দাবি, রক্তে শর্করার মাত্রা কমে যাওয়ায় মনোযোগ হারিয়েছিলেন হাত্তাব।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিবৃতি দিয়েছেন হাত্তাব নিজেও। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর ঘটনার বিস্তারিত জানাবেন বলে উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি তার বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করছেন বলেও জানিয়েছেন এই রেফারি।

সিরিয়ান ফুটবল ফেডারেশনের রেফারিজ কমিটির প্রধান মোহাম্মদ আল গাদরি জানিয়েছেন, হাত্তাবের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে এখনো চিকিৎসা প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন তারা। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) পক্ষ থেকেও ঘটনার কারণ সম্পর্কে আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

এত বিতর্কের মধ্যেও শেষ পর্যন্ত ম্যাচটি সম্পন্ন হয়েছে। ব্রাজিলিয়ান ফুটবলার অ্যান্ডারসন তালিসকার ৪০তম মিনিটের গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছে আল জাজিরা। তবে ম্যাচের ফল ছাপিয়ে আলোচনার কেন্দ্রে এখন সেই সিরিয়ান রেফারি।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট