logo

সিঙ্গাপুর সফরে বাংলাদেশ নারী দলে দুই নতুন মুখ, পরিবর্তন ছয়টি

সিঙ্গাপুর সফরে বাংলাদেশ নারী দলে দুই নতুন মুখ, পরিবর্তন ছয়টি
বাংলাদেশ নারী ফুটবল দল। পুরোনো ছবি

নতুন কোচের অধীনে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সামনে রেখে ২৩ সদস্যের দল চূড়ান্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এশিয়ান গেমসের দল থেকে ছয়টি পরিবর্তন এনেছেন অন্তর্বর্তীকালীন প্রধান কোচ এরিক মেয়ার। প্রথমবার সিনিয়র জাতীয় দলে ডাক পেয়েছেন গোলরক্ষক হুমায়রা আক্তার হিমি ও ডিফেন্ডার আইরিন খাতুন জুনিয়র।

এশিয়ান গেমসের দলের ১৭ ফুটবলারকে ধরে রেখেছেন মেয়ার। দলে রয়েছেন মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, আফঈদা খন্দকার, মনিকা চাকমা ও রুপনা চাকমার মতো অভিজ্ঞ ফুটবলাররা। দুই নতুন মুখ হিমি ও আইরিন জুনিয়র ছাড়াও দলে ফিরেছেন সিনহা জাহান শিখা, স্বপ্না রানী, সৌরভী আকন্দ প্রীতি ও আলপি আক্তার।

Advertisement

আগামী ২৯ নভেম্বর সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশের। সফরে আগামী ১ ও ৫ ডিসেম্বর স্বাগতিকদের বিপক্ষে দুটি ম্যাচ খেলবেন ঋতুপর্ণারা। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে বিশান স্টেডিয়ামে, দ্বিতীয়টির ভেন্যু জালান বেসার স্টেডিয়াম। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।

প্রথম ম্যাচে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের সুযোগ থাকছে না। তবে দ্বিতীয় ম্যাচটি মাঠে বসে দেখতে পারবেন ফুটবলপ্রেমীরা।

নিয়মিত প্রধান কোচ পিটার বাটলার ক্যানসারের চিকিৎসার জন্য ইংল্যান্ডে অবস্থান করায় গত ৯ নভেম্বর এক মাসের জন্য ফরাসি কোচ মেয়ারকে নিয়োগ দেয় বাফুফে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দুটি দিয়েই বাংলাদেশের ডাগআউটে যাত্রা শুরু হবে তার।

সিঙ্গাপুর সফরের প্রস্তুতিতে গত ৩১ অক্টোবর চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডে আবাসিক ক্যাম্প শুরু করেছিলেন ফুটবলাররা। প্রায় তিন সপ্তাহ অনুশীলনের পর গত ২০ নভেম্বর ঢাকায় ফেরেন তারা। ২২ নভেম্বর থেকে জাতীয় স্টেডিয়ামে চলছে প্রস্তুতি। নতুন দায়িত্বে দুটি ম্যাচেই জয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছেন মেয়ার।

সিঙ্গাপুরের বিপক্ষে সাম্প্রতিক সুখস্মৃতিও রয়েছে বাংলাদেশের। ২০২৩ সালের ডিসেম্বরে ঢাকায় দুই ম্যাচের প্রীতি সিরিজে সিঙ্গাপুরকে যথাক্রমে ৩-০ ও ৮-০ গোলে হারিয়েছিলেন বাংলাদেশের মেয়েরা। এবার প্রতিপক্ষের মাঠেও সেই সাফল্যের পুনরাবৃত্তি করার চ্যালেঞ্জ তাদের সামনে।

বাংলাদেশ নারী ফুটবল দল

গোলরক্ষক: রুপনা চাকমা, মিলি আক্তার ও হুমায়রা আক্তার হিমি।

ডিফেন্ডার: শামসুন্নাহার সিনিয়র, কোহাতি কিসকু, সুরভী আক্তার আরফিন, আফঈদা খন্দকার, শিউলি আজিম, আইরিন খাতুন সিনিয়র, আইরিন খাতুন জুনিয়র ও সিনহা জাহান শিখা।

মিডফিল্ডার: মারিয়া মান্দা, মনিকা চাকমা, মমিতা খাতুন, সাগরিকা, শাহেদা আক্তার রিপা ও স্বপ্না রানী।

ফরোয়ার্ড: ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, আনিকা রানিয়া সিদ্দিকী, সৌরভী আকন্দ প্রীতি ও আলপি আক্তার।