আবারও যুক্তরাষ্ট্রে ফিরছে কোপা আমেরিকা, আসতে পারে নতুন ফরম্যাট

লিওনেল মেসির আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা জিতেছিল যুক্তরাষ্ট্রের মাটিতে। এবার হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনেও সেই যুক্তরাষ্ট্রেই পা রাখতে হতে পারে আলবিসেলেস্তেদের। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২০২৮ সালের কোপা আমেরিকার আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। শুধু আয়োজক দেশই নয়, আগামী আসরে পরিবর্তন আসতে পারে প্রতিযোগিতার ফরম্যাটেও।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, কনমেবলের সর্বশেষ বৈঠকে যুক্তরাষ্ট্রকে আয়োজক করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এখন শুধু সংস্থাটির সভাপতি আলেহান্দ্রো ডমিঙ্গেজের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। ২০২৮ সালের জুন ও জুলাই মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে প্রতিযোগিতাটির।
এর আগে গত শুক্রবার (২০ নভেম্বর) কলম্বিয়ার বারানকিয়ায় অনুষ্ঠিত কনমেবলের কাউন্সিল সভায় সদস্য দেশগুলোর ফুটবল ফেডারেশনকে বিষয়টি অবহিত করা হয় বলে জানিয়েছিল ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবো।
২০২৮ সালের কোপা আমেরিকা আয়োজনের আগ্রহ প্রকাশ করেছিল ইকুয়েডরও। সর্বশেষ ১৯৯৩ সালে মহাদেশীয় এই প্রতিযোগিতা আয়োজন করেছিল দেশটি। তবে আর্থিক লাভ, বাণিজ্যিক সম্ভাবনা ও উন্নত অবকাঠামোর কারণে যুক্তরাষ্ট্রকেই এগিয়ে রেখেছে কনমেবল।
চলতি বছরের ফুটবল বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। সেই সুবিধা কাজে লাগানোর সুযোগ থাকছে কনমেবলের সামনে।
এ ছাড়া ২০২৪ সালের কোপা আমেরিকার বাণিজ্যিক সাফল্যও এই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কনমেবলের তথ্য অনুযায়ী, সেবার প্রতিযোগিতার ৩২টি ম্যাচ মাঠে বসে উপভোগ করেছিলেন প্রায় ১৬ লাখ দর্শক। সম্প্রচার স্বত্ব বিক্রির দিক থেকেও সফল ছিল সেই আসর।
১৬ থেকে বেড়ে ২০ দল?
আয়োজক নির্বাচনের পাশাপাশি আগামী আসরের পরিধি বাড়ানোর পরিকল্পনাও রয়েছে কনমেবলের। অংশগ্রহণকারী দলের সংখ্যা ১৬ থেকে বাড়িয়ে ২০ করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে চিলির সংবাদমাধ্যম কোওপেরাতিভা।
সে ক্ষেত্রে দক্ষিণ আমেরিকার ১০টি দেশের পাশাপাশি উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের আরও ১০টি দল অংশ নেওয়ার সুযোগ পেতে পারে।
২০২৪ সালের আসরে কনমেবলের ১০টি দেশের সঙ্গে কনকাকাফ অঞ্চলের ছয়টি দল অংশ নিয়েছিল। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা, কোস্টারিকা, পানামা ও জ্যামাইকা খেলেছিল সেই আসরে।
এবার আমন্ত্রিত দলের সংখ্যা বাড়ানো হলে প্রতিযোগিতার গ্রুপ পর্ব ও নকআউট পর্বের কাঠামোতেও পরিবর্তন আনতে হবে। তবে দলের সংখ্যা, গ্রুপ পর্বের বিন্যাস ও যোগ্যতা অর্জনের পদ্ধতি এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি।
কোওপেরাতিভার তথ্য অনুযায়ী, আগামী বছরের ৮ এপ্রিল ভেনেজুয়েলায় অনুষ্ঠিতব্য কনমেবলের সাধারণ কংগ্রেসে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
আর্জেন্টিনার সামনে হ্যাটট্রিক শিরোপার হাতছানি
আনুষ্ঠানিক ঘোষণা এলে তৃতীয়বারের মতো কোপা আমেরিকা আয়োজনের সুযোগ পাবে যুক্তরাষ্ট্র। এর আগে ২০১৬ সালে প্রতিযোগিতার শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ আসর এবং ২০২৪ সালের আসর অনুষ্ঠিত হয়েছিল দেশটিতে।
যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত আগের দুই আসরেই ফাইনালে খেলেছে আর্জেন্টিনা। ২০১৬ সালে চিলির কাছে টাইব্রেকারে হেরে শিরোপাবঞ্চিত হয়েছিল তারা। তবে আট বছর পর সেই যুক্তরাষ্ট্রেই শিরোপা উদ্যাপন করেন মেসিরা।
২০২৪ সালের ফাইনালে অতিরিক্ত সময়ে লাউতারো মার্তিনেজের একমাত্র গোলে কলম্বিয়াকে হারিয়ে রেকর্ড ১৬তম শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এর আগে ২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল লিওনেল স্কালোনির দল।
এবার টানা তৃতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা জয়ের সুযোগ আর্জেন্টিনার সামনে। ১৯৪৫, ১৯৪৬ ও ১৯৪৭ সালে টানা তিনবার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি রয়েছে আলবিসেলেস্তেদের। আট দশকের বেশি সময় পর সেই কীর্তির পুনরাবৃত্তির সুযোগ পাচ্ছে তারা।
সবকিছু পরিকল্পনামতো এগোলে সেই ইতিহাস গড়ার মিশনেও আর্জেন্টিনাকে যেতে হবে যুক্তরাষ্ট্রেই।


-ca2e12.webp)