টটেনহামে গিয়েই নাম পাল্টালেন ব্রাজিল তারকা

ক্লাব বদলের সঙ্গে বদলে যাচ্ছে ব্রাজিলিয়ান উইঙ্গার সাভিনিওর ফুটবলীয় পরিচয়ও। ম্যানচেস্টার সিটি ছেড়ে টটেনহামে যোগ দেওয়া ২২ বছর বয়সী এই তারকা এখন থেকে ‘সাভিও’ নামে পরিচিত হতে চান। নতুন ক্লাবের জার্সির পেছনেও লেখা থাকবে এই নাম।
এটি তার আইনি নামের পরিবর্তন নয়। এত দিন মাঠে ‘সাভিনিও’ নাম ব্যবহার করলেও টটেনহাম-অধ্যায় থেকে নিজের আসল নাম ‘সাভিও’ ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার।
সাভিওকে কিনতে প্রাথমিকভাবে ৭৫ মিলিয়ন পাউন্ড খরচ করেছে টটেনহাম। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ হাজার ২৫৬ কোটি টাকা। চুক্তিতে আরও ১০ মিলিয়ন পাউন্ডের শর্তসাপেক্ষ বোনাস রয়েছে।
সব শর্ত পূরণ হলে সাভিওর দলবদলের মূল্য বেড়ে ৮৫ মিলিয়ন পাউন্ডে পৌঁছাতে পারে। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটি প্রায় ১ হাজার ৪২৪ কোটি টাকা।
এই দলবদল ম্যানচেস্টার সিটির ইতিহাসে কোনো খেলোয়াড় বিক্রি করে পাওয়া সর্বোচ্চ অঙ্কের রেকর্ড। ২০২৪ সালে ফরাসি ক্লাব ত্রোয়া থেকে সাভিওকে ৩০.৮ মিলিয়ন পাউন্ডে কিনেছিল সিটি। বর্তমান বিনিময় হার অনুযায়ী সেই অঙ্ক প্রায় ৫১৬ কোটি টাকা।
দুই বছরের ব্যবধানে ব্রাজিলিয়ান উইঙ্গারকে বিক্রি করে দ্বিগুণেরও বেশি অর্থ পেতে পারে পেপ গার্দিওলার সাবেক ক্লাবটি।
সাভিওকে কেনার পর চলতি গ্রীষ্মের দলবদলে টটেনহামের ব্যয় বেড়ে হয়েছে ৩০৪.৫ মিলিয়ন পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫ হাজার ১০০ কোটি টাকা। এরপরও নতুন খেলোয়াড় কেনার কাজ শেষ করেনি উত্তর লন্ডনের ক্লাবটি।
ম্যানচেস্টার সিটির আরেক ফরোয়ার্ড ওমর মারমুশকে দলে নেওয়ার কাছাকাছি রয়েছে টটেনহাম। তার সম্ভাব্য দাম ৫০ থেকে ৭৫ মিলিয়ন পাউন্ড। পাশাপাশি লিভারপুলের কোডি গাকপোর দিকেও নজর রাখছে ক্লাবটি।
প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে ব্রেন্টফোর্ডের কাছে ৩-০ গোলে হারের পর আক্রমণভাগের শক্তি বাড়ানোর প্রয়োজন আরও স্পষ্ট হয়েছিল টটেনহাম কোচ রবার্তো ডি জারবির কাছে। ডান প্রান্তে খেলতে স্বচ্ছন্দ সাভিও বাঁ পায়ে বল নিয়ে প্রতিপক্ষের রক্ষণের ভেতরে ঢুকে আক্রমণ তৈরি করতে পারেন।
ম্যানচেস্টার সিটিতে নিজের প্রথম মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩ গোলের পাশাপাশি ১৩টি গোলে সহায়তা করেছিলেন সাভিও। এর মধ্যে প্রিমিয়ার লিগেই ছিল ১০টি সহায়তা। গত মৌসুমে তার নামের পাশে ছিল ৪ গোল ও ৩টি সহায়তা। ইংলিশ লিগে ৫৩ ম্যাচে অবশ্য মাত্র দুবার গোল করেছেন তিনি।



