Advertisement

গর্ডনের পর এবার আলভারেজের দিকে নজর বার্সার

এশিয়া পোস্ট স্পোর্টস
গর্ডনের পর এবার আলভারেজের দিকে নজর বার্সার
হুলিয়ান আলভারেজ। ছবি: সংগৃহীত

নতুন মৌসুমের আগে আক্রমণভাগ ঢেলে সাজানোর পরিকল্পনা করছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। সেই লক্ষ্যেই আতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে নিতে আলোচনা শুরু করেছে কাতালান ক্লাবটি।

Advertisement

বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ২৬ বছর বয়সী এই স্ট্রাইকারকে দলে ভেড়াতে প্রায় ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রস্তুত করছে বার্সা। আলোচনায় মধ্যস্থতা করছেন এজেন্ট হুয়ানমা লোপেজ। ইতোমধ্যে আলভারেজের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে বার্সা, পাশাপাশি আতলেতিকোর সঙ্গেও চলছে দর-কষাকষি।

তবে স্প্যানিশ ক্লাবটি আলভারেজের জন্য আরও বেশি অর্থ দাবি করছে বলে জানা গেছে। যদিও ব্যক্তিগত চুক্তি নিয়ে বড় কোনো জটিলতা হবে না বলেই ধারণা করা হচ্ছে। সূত্রগুলোর দাবি, বার্সায় যেতে আগ্রহী আলভারেজ নিজেও।

রবার্ট লেভানডফস্কি ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়ার পথে থাকায় নতুন নম্বর নাইন খুঁজছে বার্সা। সেই জায়গায় আলভারেজকে সবচেয়ে উপযুক্ত বিকল্প হিসেবে দেখছেন কোচ হান্সি ফ্লিক ও ক্রীড়া পরিচালক ডেকো। গত প্রায় এক বছর ধরে আর্জেন্টাইন ফরোয়ার্ডের পরিস্থিতির ওপর নজর রাখছে ক্লাবটি।

২০২৪ সালে ম্যানচেস্টার সিটি থেকে প্রায় ৯৫ মিলিয়ন ইউরো খরচ করে আলভারেজকে দলে নিয়েছিল আতলেতিকো। তাঁর বর্তমান চুক্তির মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৭ ম্যাচে ২৯ গোল করেন তিনি। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে ১৫ ম্যাচে করেছিলেন ১০ গোল।

আলভারেজকে ঘিরে আগ্রহ ছিল আর্সেনালেরও। আতলেতিকো কোচ দিয়েগো সিমেওনে আগেই ইংলিশ ক্লাবটির আগ্রহের বিষয়টি নিশ্চিত করেছিলেন।

এদিকে নিউক্যাসল উইঙ্গার অ্যান্থনি গর্ডনকেও দলে নেওয়ার কাজ এগিয়ে নিচ্ছে বার্সা। ক্লাব সূত্রের দাবি, গর্ডনের সম্ভাব্য ট্রান্সফার আলভারেজকে নেওয়ার পরিকল্পনায় কোনো প্রভাব ফেলবে না।

তবে প্রশ্ন উঠছে আর্থিক দিক নিয়েও। কারণ লা লিগার বেতনসীমা নীতির কারণে গত কয়েক বছর ধরেই চাপে আছে বার্সা। যদিও ক্লাবের বিশ্বাস, ক্যাম্প ন্যুর আংশিক পুনরায় চালু হওয়া, ভিআইপি সিট বিক্রি এবং বড় অঙ্কের কয়েকটি বেতন তালিকা থেকে বাদ পড়ায় এবার তারা ১:১ নিয়মে ট্রান্সফার পরিচালনার সুযোগ পাবে।া।