বার্সেলোনার ডাগআউটে আরও দুই বছর থাকছেন ফ্লিক

লা লিগা জয়ের পুরস্কার পেলেন হ্যান্সি ফ্লিক। বার্সেলোনাকে ২৯তম লিগ শিরোপা এনে দেওয়ার পর জার্মান কোচের সঙ্গে চুক্তি বাড়িয়েছে কাতালান ক্লাবটি। নতুন চুক্তি অনুযায়ী ২০২৮ সালের জুন পর্যন্ত বার্সেলোনার ডাগআউটে থাকবেন ফ্লিক। সঙ্গে আরও এক মৌসুম চুক্তি বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।
৬১ বছর বয়সি ফ্লিকের আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সালের জুন পর্যন্ত। তবে বার্সেলোনার ঘরোয়া সাফল্যে সন্তুষ্ট ক্লাব কর্তৃপক্ষ তাকে আরও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ করল।
চলতি মৌসুমে তিন ম্যাচ হাতে রেখেই লা লিগা শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। ১০ মে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় দিয়ে শিরোপা উৎসব শুরু করে তারা। ম্যাচ শেষে খেলোয়াড়েরা ফ্লিককে কাঁধে তুলে উদ্যাপনও করেন।
২০২৪ সালে দুই বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন ফ্লিক। এর আগে বায়ার্ন মিউনিখের হয়ে ট্রেবল জেতা এই কোচ জার্মানি জাতীয় দল থেকে বরখাস্ত হওয়ার পর নিজের ভাবমূর্তি পুনর্গঠনের লক্ষ্য নিয়ে কাতালান ক্লাবের দায়িত্ব নেন।
Barça remains in good hands 🤝 pic.twitter.com/J6wBW4Ojq5
— FC Barcelona (@FCBarcelona) May 18, 2026
বার্সেলোনায় এসে দ্রুতই ঘরোয়া প্রতিযোগিতায় দলকে আবার প্রভাবশালী করে তুলেছেন তিনি। তার অধীনে টানা দুটি লা লিগা শিরোপা জিতেছে বার্সা। পাশাপাশি ২০২৪-২৫ মৌসুমে কোপা দেল রে এবং পরপর দুটি স্প্যানিশ সুপার কাপও জিতেছে কাতালানরা।
তবে ইউরোপে এখনো প্রত্যাশা পূরণ হয়নি ফ্লিকের বার্সেলোনার। চ্যাম্পিয়নস লিগে আটলেটিকো মাদ্রিদের কাছে কোয়ার্টার ফাইনালে বিদায় নিতে হয়েছে তাদের। তাই নতুন চুক্তির পর ফ্লিকের সামনে পরের বড় লক্ষ্য হবে ঘরোয়া আধিপত্য ধরে রেখে ইউরোপের সবচেয়ে বড় ক্লাব প্রতিযোগিতার শিরোপা আবারও কাতালানে ফেরানো।
