logo

মেসির একার বেতনই এমএলএসের ২৫ ক্লাবের চেয়ে বেশি

মেসির একার বেতনই এমএলএসের ২৫ ক্লাবের চেয়ে বেশি
লিওনেল মেসি। ছবি: গেটি ইমেজ

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) একের পর এক তারকা ফুটবলার যোগ দিলেও আয়ের দিক থেকে এখনো সবার ধরাছোঁয়ার বাইরে লিওনেল মেসি। ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকার বার্ষিক নিশ্চিত পারিশ্রমিক ২ কোটি ৮৩ লাখ ডলারের বেশি। অঙ্কটা এতটাই বড় যে এমএলএসের ৩০টি ক্লাবের মধ্যে ২৫টির পুরো দলের খেলোয়াড়দের সম্মিলিত পারিশ্রমিকের চেয়েও বেশি পান তিনি। মেসির পরেই রয়েছেন নতুন মৌসুমে শিকাগো ফায়ারে যোগ দেওয়া রবার্ট লেভানডফস্কি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফুটবলারদের বেতনের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন। সেখানে দেখা গেছে, মেসির বার্ষিক নিশ্চিত পারিশ্রমিক ২ কোটি ৮৩ লাখ ৩৩ হাজার ৩৩৩ ডলার। এর মধ্যে মূল বেতন ২ কোটি ৫০ লাখ ডলার।

Advertisement

গত বছর মেসির নিশ্চিত পারিশ্রমিক ছিল প্রায় ২ কোটি ৪ লাখ ৫০ হাজার ডলার। নতুন চুক্তির পর তা বেড়েছে প্রায় ৭৯ লাখ ডলার। তবে চলতি বছরের মে মাসে প্রকাশিত তালিকাতেও একই অঙ্ক ছিল। ফলে নভেম্বরের হালনাগাদে তার পারিশ্রমিক নতুন করে বাড়েনি।

মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বী লেভানডফস্কির বার্ষিক নিশ্চিত পারিশ্রমিক ১ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার। গত জুলাইয়ে বার্সেলোনা ছেড়ে শিকাগো ফায়ারে যোগ দেওয়া পোলিশ স্ট্রাইকারের মূল বেতন ১ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ দ্বিতীয় সর্বোচ্চ আয় করা ফুটবলারের চেয়েও বছরে প্রায় ৮৮ লাখ ডলার বেশি নিশ্চিত পারিশ্রমিক পান মেসি।

তালিকার তৃতীয় স্থানে রয়েছেন আরেক সাবেক বার্সেলোনা তারকা আঁতোয়ান গ্রিজমান। গত জুলাইয়ে আতলেতিকো মাদ্রিদ ছেড়ে অরল্যান্ডো সিটিতে যোগ দেওয়া ফরাসি ফরোয়ার্ডের বার্ষিক নিশ্চিত পারিশ্রমিক ১ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ৩৫৪ ডলার।

নতুন দুই তারকার আগমনে বেতনের তালিকায় দুই ধাপ নেমে চতুর্থ হয়েছেন দক্ষিণ কোরিয়ার সন হিউং-মিন। লস অ্যাঞ্জেলেস এফসির এই ফরোয়ার্ডের বার্ষিক নিশ্চিত পারিশ্রমিক ১ কোটি ১১ লাখ ৫২ হাজার ৮৫২ ডলার। পঞ্চম স্থানে থাকা আটলান্টা ইউনাইটেডের সুইস স্ট্রাইকার ব্রিল এমবোলোর পারিশ্রমিক ১ কোটি ৮ লাখ ১১ হাজার ৪০০ ডলার।

এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের হিসাবে মূল বেতনের পাশাপাশি চুক্তিতে নিশ্চিত করা বিভিন্ন বোনাস ও আনুষঙ্গিক পারিশ্রমিক অন্তর্ভুক্ত রয়েছে। তবে পারফরম্যান্সের ওপর নির্ভরশীল বোনাস কিংবা ক্লাব ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে মেসির আলাদা বাণিজ্যিক চুক্তির সম্পূর্ণ আয় এই হিসাবে নেই। ফলে তাঁর প্রকৃত বার্ষিক আয় আরও বেশি।

শুধু ব্যক্তিগত আয়েই নয়, খেলোয়াড়দের সম্মিলিত পারিশ্রমিকেও শীর্ষে মেসির ক্লাব ইন্টার মায়ামি। ক্লাবটির বার্ষিক নিশ্চিত পারিশ্রমিকের পরিমাণ প্রায় ৫ কোটি ৯৪ লাখ ডলার। দ্বিতীয় স্থানে শিকাগো ফায়ার, তাদের ব্যয় প্রায় ৪ কোটি ১৩ লাখ ডলার। এরপর রয়েছে আটলান্টা ইউনাইটেড, এলএ গ্যালাক্সি ও লস অ্যাঞ্জেলেস এফসি।

তারকা ফুটবলারদের আগমনে এমএলএসে সামগ্রিক বেতন ব্যয়ও বেড়েছে। মে মাসে প্রকাশিত হিসাবের তুলনায় লিগটির খেলোয়াড়দের মোট নিশ্চিত পারিশ্রমিক ১৪ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রায় ৭২ কোটি ৪৫ লাখ ডলারে পৌঁছেছে। অন্তত ১০ লাখ ডলার বার্ষিক পারিশ্রমিক পাওয়া ফুটবলারের সংখ্যাও ১৩৩ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৫০ জনে।

লেভানডফস্কি, গ্রিজমান ও এমবোলোর মতো তারকারা যোগ দেওয়ায় এমএলএসের সর্বোচ্চ আয় করা ফুটবলারদের তালিকায় পরিবর্তন এসেছে। তবে শীর্ষস্থান ধরে রেখেছেন মেসিই। নতুন চুক্তির পর তার সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বীর পারিশ্রমিকের ব্যবধানও রয়ে গেছে প্রায় ৮৮ লাখ ডলার।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট