গোল না খেলে গোলকিপারের পরিবারকে হত্যার হুমকি, তদন্তের দাবি বলিভিয়ায়

ম্যাচে তিন গোল হজম না করলে গোলকিপার ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে বলিভিয়ার ফুটবলে। দেশটির শীর্ষ লিগের ক্লাব গুয়াবিরার কোচ লিওনার্দো এগুয়েজ জানিয়েছেন, গোলকিপার হুয়ান ম্যানুয়েল ফেরেল ম্যাচের আগে এমন হুমকি পেয়েছিলেন।
রোববার অলওয়েজ রেডির বিপক্ষে ৬-০ গোলে হারে গুয়াবিরা। ম্যাচের পর এগুয়েজ দাবি করেন, ফেরেলকে নির্দিষ্ট অঙ্কের অর্থ দিতে অথবা ম্যাচে অন্তত তিন গোল হজম করতে বলা হয়েছিল। তা না করলে তাকে, তার স্ত্রী ও মাকে হত্যার হুমকি দেওয়া হয়।
গুয়াবিরা কোচ বলেন, ‘মৃত্যুর হুমকি জড়িত থাকলে ম্যাচ নিয়ে স্বাভাবিক বিশ্লেষণ করা সম্ভব নয়। সন্দেহজনক কিছু ঘটছে এবং এর তদন্ত হওয়া দরকার।’
তিনি আরও বলেন, ‘আমার গোলকিপারের জীবন, তার স্ত্রী ও মায়ের জীবন নিয়ে হুমকি দেওয়া হয়েছে। বলা হয়েছিল, নির্দিষ্ট অঙ্কের অর্থ না দিলে অথবা তিন গোল হজম না করলে তাদের হত্যা করা হবে।’
ঘটনার পর বলিভিয়ান পেশাদার ফুটবলারদের সংগঠন ফাবোলও দ্রুত তদন্ত দাবি করেছে। সংগঠনটির সাধারণ সম্পাদক দাভিদ পানিয়াগুয়ার মতে, এমন অভিযোগ কোনোভাবেই তদন্ত ছাড়া ছেড়ে দেওয়া উচিত নয়।
প্রতিপক্ষ অলওয়েজ রেডিও তদন্তের পক্ষে অবস্থান নিয়েছে। ক্লাবটির আইনবিষয়ক উপদেষ্টা মার্সেলো অর্টিজ জানিয়েছেন, ম্যাচের ফলের গ্রহণযোগ্যতা নিয়েও এখন প্রশ্ন উঠেছে। তাই ফুটবলের স্বচ্ছতা রক্ষায় সরকারি কৌঁসুলির কার্যালয়কে তদন্তের অনুরোধ জানানো হবে।
গুয়াবিরা অবশ্য এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। বলিভিয়ান লিগে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে অলওয়েজ রেডি, আর গুয়াবিরার অবস্থান নবম।


