logo
Advertisement

হার দিয়ে এশিয়ান কাপ বাছাই শুরু বাংলাদেশের যুবাদের

এশিয়া পোস্ট স্পোর্টস
হার দিয়ে এশিয়ান কাপ বাছাই শুরু বাংলাদেশের যুবাদের
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। ছবি: বাফুফে

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে জয় দিয়ে অভিযান শুরু করা হলো না বাংলাদেশের। স্বাগতিক উজবেকিস্তানের কাছে ২-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

Advertisement

সোমবার তাসখন্দের দস্তলিক স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল উজবেকিস্তান। বাংলাদেশের গোলরক্ষক রাজ চৌধুরী কয়েকটি প্রচেষ্টা ঠেকিয়ে শুরুতে দলকে ম্যাচে রাখেন।

তবে ১৯ মিনিটে বাংলাদেশের প্রতিরোধ ভাঙে স্বাগতিকেরা। আসিলবেকের শট বাংলাদেশের রক্ষণে লেগে কুভানিশবেক সাইদালিয়েভের সামনে গেলে সুযোগ কাজে লাগিয়ে উজবেকিস্তানকে এগিয়ে দেন তিনি।

এক গোলের ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই ব্যবধান দ্বিগুণ করে উজবেকিস্তান। সাইদালিয়েভের ক্রস থেকে হেডে গোল করেন কুভোনচ আব্রায়েভ।

দুই গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার চেষ্টা করে বাংলাদেশ। তবে স্বাগতিকদের রক্ষণ ভেঙে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি তারা। উল্টো ৭৫ মিনিটে দিলশোদবেকভের শট ক্রসবারের ওপর দিয়ে গেলে তৃতীয় গোল হজম করা থেকে বেঁচে যায় বাংলাদেশ।

একই গ্রুপের দিনের অন্য ম্যাচে সিরিয়াকে ১-০ গোলে হারিয়েছে ভারত। ফলে প্রথম রাউন্ড শেষে তিন পয়েন্ট নিয়ে উজবেকিস্তান ও ভারত এগিয়ে রয়েছে। বাংলাদেশ ও সিরিয়ার সংগ্রহ শূন্য।

আগামী ৩ সেপ্টেম্বর সিরিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে ৬ সেপ্টেম্বর প্রতিপক্ষ ভারত। আটটি গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা সাত রানার্সআপ স্বাগতিক চীনের সঙ্গে ২০২৭ সালের মূল পর্বে জায়গা পাবে।

হার দিয়ে এশিয়ান কাপ বাছাই শুরু বাংলাদেশের যুবাদের