logo
Advertisement

ইনস্টাগ্রামে নতুন সুবিধায় কমবে ঝামেলা

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
ইনস্টাগ্রামে নতুন সুবিধায় কমবে ঝামেলা
একই কনটেন্ট আবার প্রকাশ করার প্রয়োজন হবে না। ছবি: ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রামে নতুন একটি সুবিধা চালু হয়েছে। এখন কোনো পোস্টে আপনাকে ট্যাগ করা হলে সেটি নতুন করে প্রকাশ না করেই নিজের প্রোফাইলের মূল গ্রিডে দেখানো যাবে। এতে অন্যের প্রকাশ করা ছবি বা পোস্ট নিজের প্রোফাইলে দেখাতে একই কনটেন্ট আবার প্রকাশ করার প্রয়োজন হবে না।

নতুন সুবিধাটি ব্যবহার করে ট্যাগ করা পোস্ট সরাসরি মূল গ্রিডে যোগ করা যাবে। এ জন্য ট্যাগ হওয়ার পর পাওয়া সরাসরি বার্তার বিজ্ঞপ্তি থেকে পোস্টটি যোগ করা যাবে। চাইলে সরাসরি পোস্টটি খুলেও সেটি নিজের গ্রিডে নেওয়া যাবে। এ ছাড়া প্রোফাইলের ‘ট্যাগড’ বিভাগ থেকেও ট্যাগ করা পোস্ট মূল গ্রিডে যুক্ত করা যাবে।

পরে মত পরিবর্তন হলে পোস্টটি নিজের প্রোফাইলের গ্রিড থেকে সরিয়েও দেওয়া যাবে। তবে এতে মূল পোস্টের কোনো পরিবর্তন হবে না। পোস্টটি যিনি প্রকাশ করেছেন, তার প্রোফাইলেই সেটি আগের মতো থাকবে। গ্রিডে যুক্ত করার কারণে নতুন কোনো কপিও তৈরি হবে না।

নতুন সুবিধাটি বন্ধুদের সঙ্গে তোলা ছবি শেয়ারের ক্ষেত্রে বেশ কাজে আসতে পারে। ধরুন, কোনো অনুষ্ঠান, ভ্রমণ বা বন্ধুবান্ধবের আড্ডার ছবি একজন আগে প্রকাশ করলেন এবং সেখানে আপনাকে ট্যাগ করলেন। এত দিন ছবিটি নিজের প্রোফাইলে দেখাতে চাইলে একই ছবি আবার প্রকাশ করতে হতো।

এখন সেটি না করেই মূল পোস্টটি নিজের প্রোফাইলের গ্রিডে দেখানো যাবে।

কনটেন্ট নির্মাতাদের যৌথ কাজের ক্ষেত্রেও নতুন সুবিধাটি কাজে আসতে পারে। কোনো নির্মাতা অন্য নির্মাতাকে ট্যাগ করে পোস্ট প্রকাশ করলে ট্যাগ করা নির্মাতা চাইলে সেটি নিজের প্রোফাইলের মূল গ্রিডে দেখাতে পারবেন।

একই পোস্টে একাধিক নির্মাতাকে ট্যাগ করা হলে তারাও চাইলে পোস্টটি নিজেদের প্রোফাইলে দেখাতে পারবেন। বিশেষ করে বিভিন্ন প্রচারণায় একাধিক নির্মাতা যুক্ত থাকলে একই কনটেন্ট আবার প্রকাশ না করেই প্রত্যেকে সেটি নিজেদের প্রোফাইলে তুলে ধরতে পারবেন।

ইনস্টাগ্রাম সাম্প্রতিক সময়ে ব্যবহারকারীদের প্রোফাইল সাজানোর ওপরও বেশি গুরুত্ব দিচ্ছে। জুনে চালু করা ‘রি–অর্ডার ইয়োর গ্রিড’ সুবিধার মাধ্যমে মূল গ্রিডে থাকা পোস্টগুলোর অবস্থান নিজেদের পছন্দ অনুযায়ী পরিবর্তন করা যায়।

এ ছাড়া ভিডিও সম্পাদনার কাজ সহজ করতে ‘ফার্স্ট ড্রাফট’ সুবিধা চালু করেছে ইনস্টাগ্রাম। এর মাধ্যমে নির্বাচিত ভিডিও ক্লিপ স্বয়ংক্রিয়ভাবে ছোট করা, বিরতি বাদ দেওয়া এবং গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়ে একটি প্রাথমিক ভিডিও তৈরি করা যায়।

পুরোনো পোস্টের গান বা সুর পরিবর্তনের সুযোগ দিতেও সম্প্রতি ‘রিপ্লেস অডিও’ সুবিধা চালু করেছে প্ল্যাটফর্মটি।