ফোন হারিয়ে গেলে যেভাবে পুনরুদ্ধার করবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

শখের বা খুবই জরুরি স্মার্টফোনটি হারিয়ে গেলে বা চুরি হলে ব্যক্তিগত তথ্য অনিরাপদ হয়ে ওঠে। বিশেষ করে ফোনে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের অপব্যবহার এবং ব্যক্তিগত তথ্য ফাঁসের আশঙ্কা থাকে। তবে ফোন হারিয়ে গেলেও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা সম্ভব।
যে পদ্ধতিতে অ্যাকাউন্ট পুনরুদ্ধার
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য প্রথমেই নিজের ফোন নম্বরের নিয়ন্ত্রণ নেওয়া জরুরি। কারণ অ্যাকাউন্ট নিবন্ধনের সময় সংশ্লিষ্ট ফোন নম্বরে পাঠানো ভেরিফিকেশন কোড প্রয়োজন হবে। এ জন্য দ্রুত মোবাইল অপারেটরের সঙ্গে যোগাযোগ করে ফোনে থাকা সিম কার্ডটি বন্ধ করতে হবে। এরপর একই নম্বরের নতুন সিম কার্ড সংগ্রহ করে তা সচল করতে হবে।
নতুন সিমটি অন্য ফোনে প্রবেশ করানোর পর হোয়াটসঅ্যাপ খুলে নির্দেশনা অনুসরণ করে অ্যাকাউন্টটি পুনরায় নিবন্ধন করতে হবে। নতুন ফোনে নিবন্ধন সম্পন্ন হলে হারানো ফোন থেকে অ্যাকাউন্টটি স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাবে।
যা জানা প্রয়োজন
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ আপনার ব্যবহারকারীর হয়ে সরাসরি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করতে পারে না। কারণ, অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ফোন নম্বরটির প্রকৃত মালিকানা যাচাই করার সুযোগ তাদের নেই। একইভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে হারানো ফোনের অবস্থান শনাক্ত করাও সম্ভব নয়। তাই ফোন হারিয়ে গেলে শুধু হোয়াটসঅ্যাপের সহায়তায় সেটি খুঁজে পাওয়া বা অন্য ফোন থেকে সরাসরি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার সুযোগ নেই।
হারানো ফোনের পরিবর্তে অন্য ফোনে একই নম্বর দিয়ে অ্যাকাউন্ট পুনরায় নিবন্ধন করলে আগের ফোন থেকে অ্যাকাউন্টটি লগআউট হয়ে যাবে। তবে নতুন ফোনে অ্যাকাউন্ট চালু করলেই পুরোনো সব চ্যাট ফিরে আসবে, এমন নিশ্চয়তা নেই। আগে থেকে গুগল অ্যাকাউন্টে চ্যাটের ব্যাকআপ রাখলে সেখান থেকে বার্তা পুনরুদ্ধার করা সম্ভব। এ কারণে গুরুত্বপূর্ণ কথোপকথন হারানোর ঝুঁকি কমাতে নিয়মিত চ্যাটের ব্যাকআপ রাখা প্রয়োজন।
হোয়াটসঅ্যাপ ওয়েব বা ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে হারানো ফোনের অ্যাকাউন্ট থেকে সরাসরি লগআউট করা যায় না। তাই সবচেয়ে কার্যকর পদক্ষেপ হলো, ফোন হারানোর পর দ্রুত সিম কার্ড বন্ধ করে একই নম্বরের নতুন সিম সংগ্রহ করা এবং অন্য ফোনে অ্যাকাউন্ট পুনরায় নিবন্ধন করা।
পুরোনো সিম ব্যবহার করতে না পারলে
অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত পুরোনো সিম কার্ডটি ব্যবহার করতে না পারলে প্রথমে একই নম্বরের নতুন সিম সংগ্রহের চেষ্টা করতে হবে। তবে পুরোনো নম্বরের পরিবর্তে নতুন নম্বর ব্যবহার করতে চাইলে হোয়াটসঅ্যাপের ‘চেঞ্জ নম্বর’ সুবিধার মাধ্যমে অ্যাকাউন্টের তথ্য নতুন নম্বরে স্থানান্তর করা যায়।
এ ক্ষেত্রে পুরোনো অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ থাকতে হবে এবং নতুন নম্বরটিও সচল থাকতে হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
-50bd63.jpg)