logo

চলতি মাসে লঘুচাপ-ঘূর্ণিঝড়ের শঙ্কা, বিদায় নিতে পারে বর্ষা

চলতি মাসে লঘুচাপ-ঘূর্ণিঝড়ের শঙ্কা, বিদায় নিতে পারে বর্ষা
ঝড়-বৃষ্টির প্রতীকী এআই জেনারেটেড ছবি

সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হলেও অক্টোবরজুড়ে দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

চলতি মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে অন্তত একটি ঘনীভূত হয়ে নিম্নচাপ বা প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে এ মাসের প্রথমার্ধেই দেশ থেকে বিদায় নিতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় সেপ্টেম্বর মাসের আবহাওয়ার উপাত্ত বিশ্লেষণ করে অক্টোবর মাসের এই দীর্ঘমেয়াদি পূর্বাভাস জারি করা হয়।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিশ্ব আবহাওয়া সংস্থা অনুমোদিত বিভিন্ন আন্তর্জাতিক মডেল, বায়ুমণ্ডলের উপরিভাগের আবহাওয়া বিন্যাস এবং জলবায়ু সূচক বিশ্লেষণ করে আবহাওয়া অধিদপ্তর জানায়, অক্টোবর মাসে সারাদেশে সামগ্রিকভাবে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বৃষ্টিপাত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, অক্টোবরের প্রথমার্ধেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পর্যায়ক্রমে বাংলাদেশ থেকে বিদায় নেবে। তবে সাগরে তৈরি হওয়া সম্ভাব্য লঘুচাপ ও নিম্নচাপের প্রভাবে দেশের নদী অববাহিকা ও উপকূলীয় অঞ্চলে আবহাওয়ার আকস্মিক পরিবর্তন ঘটতে পারে।

নদ-নদীর অবস্থা সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবর মাসে দেশের প্রধান প্রধান নদ-নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বজায় থাকবে। তবে সাগরে লঘুচাপ বা ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু নদী অববাহিকায় পানি সমতল সাময়িকভাবে দ্রুত বৃদ্ধি পেতে পারে। কৃষির ক্ষেত্রে চলতি মাসে দৈনিক গড় বাষ্পীভবন ২.০ থেকে ৪.০ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ৪.০ থেকে ৬.০ ঘণ্টা থাকার সম্ভাবনা রয়েছে।

সেপ্টেম্বর মাসের আবহাওয়া পর্যালোচনা

আবহাওয়া দপ্তরের পর্যালোচনা থেকে জানা যায়, বিদায়ী সেপ্টেম্বর মাসে সারাদেশে স্বাভাবিকের তুলনায় গড়ে ১৭.৯ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেশজুড়ে ২০ দিন স্বাভাবিক বৃষ্টিপাতের গড় থাকলেও সেপ্টেম্বর মাসে বৃষ্টি হয়েছে ১৭ দিন।

বিভাগভিত্তিক বৃষ্টিপাতের পরিসংখ্যানে দেখা যায়, খুলনা বিভাগে স্বাভাবিকের চেয়ে ১২.০ শতাংশ বেশি বৃষ্টি হলেও দেশের অন্যান্য প্রায় সব বিভাগেই বৃষ্টিপাত ছিল স্বাভাবিকের চেয়ে কম। এর মধ্যে সিলেটে সবচেয়ে বেশি ৪৪.৩ শতাংশ কম বৃষ্টি হয়েছে। এ ছাড়া ময়মনসিংহে ৩৮.৫ শতাংশ, রংপুরে ৩৮.০ শতাংশ, রাজশাহীতে ২৪.২ শতাংশ, চট্টগ্রামে ১৭.১ শতাংশ, ঢাকায় ১২.২ শতাংশ এবং বরিশালে ১.৬ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

বিদায়ী সেপ্টেম্বরে বঙ্গোপসাগরে মোট তিনটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল, যার মধ্যে দুটি পরবর্তীতে মৌসুমি নিম্নচাপ ও গভীর নিম্নচাপে রূপ নিয়ে ভারত ও মিয়ানমার উপকূল অতিক্রম করে গুরুত্বহীন হয়ে পড়ে।

গত মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেটে ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস (২৮ সেপ্টেম্বর) এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জে ২১.৪ ডিগ্রি সেলসিয়াস (২০ সেপ্টেম্বর)। সামগ্রিকভাবে সেপ্টেম্বরে দেশের গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।