আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, পূর্বাভাস দিল অধিদপ্তর

ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করা ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। ফলে সারা দেশে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমে আসবে। এর প্রভাবে শুরুর দিকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকলেও মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হয়ে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২১ নভেম্বর) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত দেওয়া আগামী পাঁচ দিনের (১২০ ঘণ্টা) পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
অধিদপ্তর জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হয়ে গতকাল (২০ নভেম্বর ২০২৬) সকালে ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। এটি দুর্বল হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে নিম্নচাপে পরিণত হয়। এরপর আজ সকাল ৬টায় (২১ নভেম্বর) নিম্নচাপটি আরও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ পরবর্তীতে লঘুচাপে পরিণত হয়ে উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
পূর্বাভাসে বলা হয়, আজ শনিবার (২১ নভেম্বর) রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
কেমন থাকবে আগামী ৪ দিনের আবহাওয়া
রোববার (২২ নভেম্বর) সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা (১-২)° সেলসিয়াস বাড়তে পারে।
সোমবার (২৩ নভেম্বর)
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ দিন সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
মঙ্গলবার (২৪ নভেম্বর)
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার (২৫ নভেম্বর)
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সংস্থাটি পূর্বাভাসে আরও জানিয়েছে, আগামী পাঁচ দিন পর দেশের আবহাওয়া পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।





