logo

স্থল গভীর নিম্নচাপের প্রভাবে রাতেই ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

স্থল গভীর নিম্নচাপের প্রভাবে রাতেই ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ভারতের উপকূল অতিক্রম করে বর্তমানে স্থল গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। ছবি : জুম আর্থ থেকে নেওয়া স্ক্রিনশর্ট

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ভারতের উপকূল অতিক্রম করে বর্তমানে স্থল গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল রাখা হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে অবস্থানরত স্থল গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এই সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ঢাকায় বাতাসে বাতাসের গতি দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার এবং সকালে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৮ মিনিটে।