ঘূর্ণিঝড় ‘আকভান’ নিম্নচাপে পরিণত, বৃষ্টিবলয় বিদায়ের সম্ভাব্য সময় জানাল বিডব্লিউওটি

ক্রমশ দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’। বর্তমানে এটি ভারতের উড়িষ্যা অঞ্চলের ওপর অবস্থান করলেও ক্রমশ উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের রাজশাহী বিভাগের নিকটবর্তী হওয়ার পথে রয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
বিডব্লিউওটির তথ্যমতে, নিম্নচাপটি আরও দুর্বল হয়ে লঘুচাপ আকারে রাজশাহী বিভাগের কাছাকাছি পৌঁছালে এর প্রভাবে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন দেখা দেবে। বিশেষ করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী বিভাগসহ দেশের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
বিডব্লিউওটি জানিয়েছে, সিস্টেমটি আরও দুর্বল হয়ে লঘুচাপ অথবা ঘূর্ণাবর্ত হিসেবে বাংলাদেশের উত্তরাঞ্চল অতিক্রম করতে পারে। এর ফলে সৃষ্ট বৃষ্টিবলয়টি আগামী ২৩ নভেম্বর নাগাদ অনেকটাই দুর্বল হয়ে পড়বে। ওই দিনই দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অবশিষ্ট প্রভাব কেটে গিয়ে বুধবার (২৪ নভেম্বর) নাগাদ প্রায় সারা দেশ থেকেই এই বৃষ্টিবলয় পুরোপুরি বিদায় নিতে পারে বলে আশা করা হচ্ছে।’







