logo

বৈরী আবহাওয়ায় পাকা আমন ও সবজি নিয়ে দুশ্চিন্তায় কৃষক

বৈরী আবহাওয়ায় পাকা আমন ও সবজি নিয়ে দুশ্চিন্তায় কৃষক
বৈরী আবহাওয়ায় পাকা আমন নিয়ে দুশ্চিন্তায় মাগুড়ার কৃষকরা। ছবি: এশিয়া পোস্ট

মাঠজুড়ে এখন সোনালি আমন ধান কাটার ভরা মৌসুম। একই সঙ্গে চলছে আগাম শীতকালীন সবজি চাষ। কিন্তু বৈরী আবহাওয়ায় বিপাকে পড়েছেন মাগুড়ার কৃষকেরা। পাকা ধান নষ্ট হওয়া, কেটে রাখা ধান ভিজে যাওয়া এবং নিচু জমিতে পানি জমে শীতকালীন সবজির চারা পচে যাওয়ার আশঙ্কায় দিন কাটছে তাদের।

সরেজমিনে দেখা যায়, বৈরী আবহাওয়ায় পাকা ধান হেলে পড়ার শঙ্কা এবং কেটে রাখা ধান দ্রুত ঘরে তোলার তাড়াহুড়ো চলছে। অনেক কৃষক ক্ষতি এড়াতে তড়িঘড়ি করে ধান কাটতে চাইলেও কোথাও কোথাও শ্রমিক সংকট ও বৃষ্টির কারণে কাজ ব্যাহত হচ্ছে।

Advertisement

শুধু আমন নয়, আগাম শীতকালীন সবজি নিয়েও উদ্বেগে রয়েছেন মাগুরার চাষিরা। জেলার চার উপজেলায় ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, টমেটো ও আলুর আবাদ এবং বীজতলা রয়েছে। অসময়ের বৃষ্টি দীর্ঘায়িত হলে এবং নিচু জমিতে জলাবদ্ধতা তৈরি হলে এসব সবজির চারার গোড়া পচে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা। চড়া সুদে ঋণ নিয়ে এবং সার-বীজের বাড়তি খরচ মিটিয়ে আবাদ করা কৃষকদের কাছে ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে এমন আবহাওয়া সারা বছরের শ্রম ও পুঁজি হারানোর আশঙ্কা তৈরি করেছে।

ছবি: এশিয়া পোস্ট
ছবি: এশিয়া পোস্ট

মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার চার উপজেলায় মোট ৬২ হাজার ৪৭৪ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে মাগুরা সদরে ২৩ হাজার ৬৬৫, মহম্মদপুরে ১২ হাজার ৩৮৫, শালিখায় ১৪ হাজার ৮৯০ এবং শ্রীপুরে ১১ হাজার ৫৩৪ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে।

কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, অনুকূল আবহাওয়া ও কৃষকদের নিবিড় পরিচর্যায় এবার হেক্টরপ্রতি গড়ে ৫ দশমিক ৭৫ মেট্রিক টন ফলন পাওয়া গেছে। সে হিসাবে জেলায় এবার ৩ লাখ ৫৯ হাজার ২২৫ মেট্রিক টন আমন ধান উৎপাদনের আশা করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘূর্ণিঝড় ‘আকভান’ সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত না হানলেও এর প্রভাবে সৃষ্ট গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে খুলনা বিভাগের মাগুরাসহ আশপাশের জেলাগুলোতে বৃষ্টিবলয় সক্রিয় হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়া রোববার (২২ নভেম্বর) সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

মাগুরা সদর উপজেলার কৃষক রফিকুল ইসলাম বলেন, সারা বছর পরিশ্রম ও পুঁজি খাটিয়ে আমন ধান ফলিয়েছি। ফলনও ভালো হয়েছিল। এখন কাটার মুখে বৃষ্টি ও দমকা বাতাসে ধান হেলে পড়ার ভয়ে আছি। কেটে রাখা ধান ভিজে গেলে এবং আর রোদ না পেলে আমাদের সব শেষ হয়ে যাবে।

মহম্মদপুর উপজেলার কৃষক দুলাল শেখ বলেন, মাঠে পাকা ধান রয়েছে, কিন্তু বৃষ্টির কারণে ঠিকমতো কাটা ও মাড়াই করা যাচ্ছে না। শ্রমিকেরও চাপ রয়েছে। আবহাওয়া দ্রুত ঠিক না হলে এবং ন্যায্য দাম না পেলে আমাদের লোকসান কাটিয়ে ওঠা কঠিন হবে।

শালিখা উপজেলার কৃষক শহিদুল মোল্লা বলেন, ধারদেনা করে সার-বীজের বাড়তি খরচ মিটিয়ে আমনের পাশাপাশি আগাম শীতকালীন সবজির আবাদ করেছি। টানা বৃষ্টিতে নিচু জমিতে পানি জমলে সবজির চারা পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফসল ঘরে তুলতে না পারলে পরিবার নিয়ে বড় বিপদে পড়ব।

মাগুরা সদর উপজেলার কৃষি কর্মকর্তা মো. নূর এ নবী বলেন, ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের তথ্য আমরা কৃষকদের সতর্কতা হিসেবে আগেই জানিয়েছি। কৃষকদের পরামর্শ দিয়েছি, যেসব জমির ধান ৮০ শতাংশ পেকে গেছে, সেসব জমির ধান কেটে ঘরে তুলতে। তবে আবহাওয়া স্বাভাবিক হলেই বাকি পাকা ধান কেটে ঘরে তোলার বিষয়ে যথাযথ পরামর্শ ও নির্দেশনা দেওয়া হবে।

মহম্মদপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান শিলু বলেন, বর্তমান মেঘলা আকাশ ও বৃষ্টির আবহাওয়ায় কৃষকদের সতর্ক থাকতে হবে। যেসব জমির আমন ধান ৮০ শতাংশের বেশি পেকে গেছে, বৃষ্টি থামার ফাঁকে দ্রুত সেগুলো কেটে নিরাপদ ও উঁচু স্থানে সংরক্ষণ করতে হবে। কাটা ধান যেন দীর্ঘ সময় ভিজে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি শীতকালীন সবজি ও বীজতলার জমি থেকে দ্রুত অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।

ছবি: এশিয়া পোস্ট
ছবি: এশিয়া পোস্ট

জেলাজুড়ে ফসলের ঝুঁকি ও করণীয় নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরার উপপরিচালক মো. জসীম উদ্দীন বলেন, মাগুরা সদর, মহম্মদপুর, শালিখা ও শ্রীপুর উপজেলায় এবার ৬২ হাজার ৪৭৪ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে প্রায় ৫৫ শতাংশ, অর্থাৎ সাড়ে ৩২ হাজার হেক্টর জমির ধান কাটা ও ঘরে তোলা সম্পন্ন হয়েছে।

দুর্যোগ মোকাবিলা ও প্রশাসনিক প্রস্তুতি সম্পর্কে মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে বৈরী আবহাওয়া ও সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসন সতর্ক রয়েছে। কৃষকদের পাকা ফসল ও সবজি সুরক্ষায় কৃষি বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ পৌঁছে দেওয়া হচ্ছে। কোনো এলাকায় জলাবদ্ধতা বা বড় ধরনের ক্ষয়ক্ষতির পরিস্থিতি তৈরি হলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে প্রশাসন প্রস্তুত রয়েছে।