logo

ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসেছেন ট্রাম্প-শি-পুতিন

ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসেছেন ট্রাম্প-শি-পুতিন
ঐতিহাসিক বৈঠকে বসের আগে তিন দেশের নেতারা। ছবি: রয়টার্স

দক্ষিণ-পূর্ব চীনের গুয়াংডং প্রদেশের প্রযুক্তি নগরী খ্যাত শেনঝেনে ঐতিহাসিক ও বিরল এক বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্ব রাজনীতির শীর্ষ এই তিন নেতার বৈঠকের আগে পৃথকভাবে শি জিনপিং ও পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ৩৩তম এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে বহুল প্রতীক্ষিত এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

Advertisement

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে তিন নেতা একসঙ্গে অংশ নিলেও এবারই প্রথম তারা একান্তে ত্রিপক্ষীয় বৈঠকে বসেছেন। এ কারণে আন্তর্জাতিক রাজনীতিতে বৈঠকটিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

বৈঠকে বৈশ্বিক রাজনীতির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এবং ইউক্রেন ও ইরানের যুদ্ধ পরিস্থিতি। বিশেষ করে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মধ্যে বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্কের ভবিষ্যৎ আলোচনায় গুরুত্ব পেতে পারে।

এর আগে বুধবার (১৮ নভেম্বর) এপেক সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত স্বাগত নৈশভোজে যোগ দেন শি, ট্রাম্প ও পুতিন। সেখানে আনুষ্ঠানিক গ্রুপ ছবি তোলার আগে পুতিন এগিয়ে এসে ট্রাম্পের সঙ্গে করমর্দন করেন এবং সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাঁদের পাশে ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও।

ঐতিহাসিক বৈঠকে ট্রাম্প, শি ও পুতিন। ছবি: রয়টার্স
ঐতিহাসিক বৈঠকে ট্রাম্প, শি ও পুতিন। ছবি: রয়টার্স

একই দিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলাদা দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। সেখানে শি বলেন, বেইজিং ও মস্কোর উচিত ‘একটি বহুমেরু বিশ্বের (মাল্টিপোলার ওয়ার্ল্ড) ধারণায় নেতৃত্ব দেওয়া এবং তা এগিয়ে নেওয়া’।

এদিকে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী উড়োজাহাজ ‘এয়ার ফোর্স ওয়ান’ শেনঝেন বিমানবন্দরে অবতরণ করলে লালগালিচায় তাঁকে ব্যক্তিগতভাবে স্বাগত জানান শি জিনপিং।

গত সেপ্টেম্বরে ওয়াশিংটনে রাষ্ট্রীয় সফরে শি জিনপিংকে ট্রাম্প যেভাবে অভ্যর্থনা জানিয়েছিলেন, তার প্রতিদান হিসেবেই চীনা প্রেসিডেন্ট নিজে বিমানবন্দরে উপস্থিত হন বলে এপি জানিয়েছে। গত কয়েক দশকের মধ্যে চীনের কোনো শীর্ষ নেতার সরাসরি বিমানবন্দরে গিয়ে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানানোর ঘটনা এটিই প্রথম।

অন্যদিকে, একই দিন শেনঝেনে পৌঁছানো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিমানবন্দরে স্বাগত জানান শি জিনপিংয়ের ঘনিষ্ঠ সহযোগী ও চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা কাই কি।

সূত্র: রয়টার্স, সিএনএন, বিবিসি, সাউথ চায়না মর্নিং পোস্ট

সৈয়দ মুহাম্মদ আজম

সম্পাদনা

সৈয়দ মুহাম্মদ আজম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট