দিল্লির রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডে বিদেশি নাগরিকসহ নিহত ২১

ভারতের রাজধানী নয়াদিল্লির অভিজাত এলাকা মালভিয়া নগরের একটি হোটেল ও রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিদেশি নাগরিকসহ অন্তত ২১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ১১ জনকে উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা।
বুধবার (৩ জুন) সকাল ৯টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সর্ভিস কর্মকর্তারা। দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
এনডিটিভি জানিয়েছে, হাউজ রানির সরু গলিতে অবস্থিত হোটেলটিতে প্রায় ২৫টি কক্ষ রয়েছে। সেখানে চিকিৎসার জন্য দেশে আসা বিদেশি নাগরিকসহ প্রায় ৪০ জন অতিথি ছিলেন। আগুন লাগার সময় হোটেলের বেশিরভাগ অতিথি ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।
দিল্লি ফায়ার সার্ভিসের এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, লেমন গ্রিন হোটেল ও রেস্টুরেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে প্রাথমিক পদক্ষেপ হিসেবে দুটি ওয়াটার টেন্ডার, দুটি ওয়াটার বাউজার, একটি কুইক রেসপন্স ভেহিকেল ও অন্যান্য দমকল ইউনিট পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে পাওয়া খবরে জানা গেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনটির বেসমেন্ট থেকে তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছেন।
সে সময় তাদের অবস্থা জানা যায়নি। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তবে এ ঘটনায় অন্তত ২১ জনের প্রাণহানি ঘটেছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
কর্মকর্তাদের বরাতে টাইম অব ইন্ডিয়া জানিয়েছে, ওই ভবনটি থেকে মোট ১১ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের সেন্ট্রালাইজড অ্যাক্সিডেন্ট অ্যান্ড ট্রমা সার্ভিসেসের (ক্যাটস) অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
মহকুমা ম্যাজিস্ট্রেট (এসডিএম) ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (ডিডিএমএ) কর্মকর্তা জিতেন্দ্র কুমার বলেন, ঘটনাটির খবর পাওয়ার পরপরই জরুরি পরিষেবা দলগুলো মোতায়েন করা হয়েছিল।
তিনি বলেন, আজ সকালে ঘটনাটি সম্পর্কে তথ্য পাওয়া মাত্রই আমরা আমাদের ডিডিএমএ সেল সক্রিয় করি। সমস্ত ইওসি-কে জানানো হয় এবং অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়। আমার নিজেরও একটি প্রশিক্ষণ কর্মসূচিতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি তা স্থগিত করে এখানে এসেছি।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে পৌঁছে আমরা জানতে পারি যে, ভবনটির নিচতলায় একটি রেস্টুরেন্ট চলছিল। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে রেস্টুরেন্ট থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল।
