বিদেশিদের সম্পত্তি কেনায় নতুন বিধান সৌদির, অমান্য করলেই জরিমানা

এশিয়া পোস্ট ডেস্ক
বিদেশিদের সম্পত্তি কেনায় নতুন বিধান সৌদির, অমান্য করলেই জরিমানা
সৌদি আরব। ছবি: সংগৃহীত

সৌদি আরব বিদেশিদের স্থাবর সম্পত্তির মালিকানা নিয়ন্ত্রণে নতুন নির্বাহী প্রবিধান অনুমোদন করেছে। এতে বাধ্যতামূলক ডিজিটাল নিবন্ধন, কঠোর তথ্য প্রকাশের নিয়ম এবং লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ ১ কোটি সৌদি রিয়াল জরিমানার বিধান রাখা হয়েছে।

নতুন আইনের আওতায় বিদেশি ব্যক্তি, কোম্পানি ও অলাভজনক সংস্থাগুলো নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে সম্পত্তির মালিক হতে বা স্থাবর সম্পত্তির অধিকার অর্জন করতে পারবে। পুরো প্রক্রিয়া রিয়েল এস্টেট জেনারেল অথরিটি পরিচালিত একটি কেন্দ্রীয় ইলেকট্রনিক পোর্টালের মাধ্যমে সম্পন্ন হবে।

অনাবাসী বিদেশিদের সম্পত্তি কেনার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদিত ডিজিটাল পরিচয়পত্র, সৌদি ব্যাংক হিসাব এবং সেই পরিচয়ের সঙ্গে সংযুক্ত সৌদি মোবাইল নম্বর থাকতে হবে।

বিদেশি কোম্পানিকে বিনিয়োগ মন্ত্রণালয়ে নিবন্ধন, প্রকৃত সুবিধাভোগী মালিকদের পরিচয় প্রকাশ, সৌদি পরিচয়পত্রধারী একজন অনুমোদিত প্রতিনিধি নিয়োগ এবং সৌদি ব্যাংক হিসাব খুলতে হবে। মালিকানায় ৫ শতাংশ বা তার বেশি পরিবর্তন হলে ১৫ দিনের মধ্যে তা জানাতে হবে। একই ধরনের তথ্য প্রকাশের বাধ্যবাধকতা বিদেশি অলাভজনক সংস্থার ক্ষেত্রেও প্রযোজ্য।

বিদেশি পরিবারের ক্ষেত্রে একজন বিদেশি স্বামী বা স্ত্রী এবং অ-সৌদি সন্তানদের একই পরিবারের নির্ভরশীল হিসেবে গণ্য করা হবে, যাতে পরিবারের প্রতিটি সদস্য আলাদাভাবে আরেকটি আবাসিক সম্পত্তির মালিক হতে না পারেন। তবে বিবাহবিচ্ছেদ বা সন্তানের ২৫ বছর পূর্ণ হলে এ নিয়মের ব্যতিক্রম হবে।

বিদেশি মালিকানাধীন সৌদি কোম্পানিগুলো নির্ধারিত শর্তে ব্যবসা বা কর্মীদের আবাসনের জন্য সম্পত্তি কিনতে পারবে। তবে মক্কা ও মদিনায় মালিকানা কেবল মুসলিম ব্যক্তিদের জন্য সীমিত থাকবে এবং কোম্পানিগুলো নির্দিষ্ট নিয়ন্ত্রণের আওতায় থাকবে।

রিয়াদ, জেদ্দা, মক্কা ও মদিনায় বিদেশিদের সম্পত্তি লেনদেনে ২ শতাংশ ফি দিতে হবে। তবে উত্তরাধিকার, আদালতের রায়, জনস্বার্থে অধিগ্রহণ, সরকারি সংস্থায় দান এবং কিছু কূটনৈতিক ও আন্তর্জাতিক সংস্থার লেনদেনসহ ১০ ধরনের ক্ষেত্রে এই ফি প্রযোজ্য হবে না।

সব আর্থিক লেনদেন সৌদি কেন্দ্রীয় ব্যাংক অনুমোদিত ইলেকট্রনিক পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন করতে হবে। রিয়েল এস্টেট জেনারেল অথরিটির পরিদর্শকেরা আইন বাস্তবায়নের দায়িত্ব পালন করবেন।

মিথ্যা তথ্য দিয়ে সম্পত্তির অধিকার অর্জনের চেষ্টা করলে সম্পত্তির মূল্যের সর্বোচ্চ ৫ শতাংশ বা সর্বোচ্চ ১ কোটি সৌদি রিয়াল জরিমানা হতে পারে। এছাড়া তথ্য গোপন, পরিদর্শনে বাধা বা নির্ধারিত সময়ে ত্রুটি সংশোধন না করলেও সতর্কতা বা জরিমানা করা হবে।

সূত্র: গালফ নিউজ