logo

ইরানকে আরও কঠোর শর্ত দিলেন ট্রাম্প

ইরানকে আরও কঠোর শর্ত দিলেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান ঘটাতে যে চুক্তির আলোচনা চলছে, সেখানে আরও কঠোর শর্ত যোগ করতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যমে এমনটাই জানানো হয়েছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়।

নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প প্রস্তাবিত শান্তি চুক্তির খসড়ায় আরও কিছু কঠোর শর্ত যুক্ত করে তা পুনরায় তেহরানের কাছে পাঠিয়েছেন। তবে ঠিক কোন কোন বিষয় বদলানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

শান্তি চুক্তি সম্পর্কে অবগত তিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইরানের জব্দকৃত সম্পদ অবমুক্ত করার সম্ভাবনা রয়েছে এমন কিছু ধারার বিষয়ে ট্রাম্প আপত্তি জানিয়েছেন। তিনি এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময় ২০১৫ সালের পরমাণু চুক্তির ক্ষেত্রেও একই ধরনের সমালোচনা করেছিলেন এবং এবারও তিনি সেই ভুলের পুনরাবৃত্তি চান না।

এর আগে মার্কিন সূত্রগুলো এএফপিকে জানিয়েছিল, চুক্তির খসড়া শুধু ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় ছিল। কিন্তু শুক্রবার (২৯ মে) হোয়াইট হাউসে বৈঠকের পরও তিনি চূড়ান্ত সিদ্ধান্ত দেননি।

ট্রাম্প বলেছেন, যেকোনো চুক্তির মূল শর্ত হলো—ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। পাশাপাশি হরমুজ প্রণালী আবার পুরোপুরি খুলে দেওয়াও তিনি গুরুত্বপূর্ণ মনে করেন। সব মিলিয়ে চুক্তি নিয়ে আলোচনা চললেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এই দ্বিপাক্ষিক আলোচনায় তেহরানের পক্ষ থেকে জবাব পেতে দীর্ঘ সময় লাগায় মার্কিন প্রশাসন কিছুটা উদ্বিগ্ন। এই সমঝোতা প্রক্রিয়ায় পাকিস্তানসহ কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা মধ্যস্থতাকারী হিসেবে সক্রিয় ভূমিকা পালন করছেন। বর্তমানে এই চুক্তির সংশোধিত কাঠামোটি চূড়ান্ত অনুমোদনের জন্য ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির কাছে পাঠানো হয়েছে। তবে নথিতে নতুন কোনো বড় পরিবর্তন আনা হলে সামগ্রিক চুক্তি সম্পন্ন হতে আরও দীর্ঘ বিলম্বের আশঙ্কা রয়েছে বলে কর্মকর্তারা মনে করছেন।