logo

নিউজিল্যান্ডে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারাল ক্ষমতাসীন জোট, ভরসা এখন মধ্যপন্থী দল

নিউজিল্যান্ডে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারাল ক্ষমতাসীন জোট, ভরসা এখন মধ্যপন্থী দল
ওয়েলিংটনে অবস্থিত নিউজিল্যান্ড পার্লামেন্ট ভবন চত্বর। ছবি: রয়টার্স

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফলে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে ক্ষমতাসীন মধ্য-ডানপন্থী জোট। ফলে প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসনকে ক্ষমতায় টিকে থাকতে এখন মধ্যপন্থী অপরচুনিটি পার্টির সমর্থন নিতে হবে।

শুক্রবার (২৭ নভেম্বর) দেশটির নির্বাচন কমিশন ঘোষিত চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, ১৩০ আসনের পার্লামেন্টে ক্ষমতাসীন জোট পেয়েছে ৬৫টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজন ৬৬টি আসন। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র এক আসন পিছিয়ে রয়েছে জোটটি।

Advertisement

লুকসন জানিয়েছেন, একটি স্থিতিশীল সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন তারা। তবে তাড়াহুড়ো করে এমন কোনো চুক্তি করতে চান না, যা অল্প সময়ের মধ্যেই ভেঙে যেতে পারে।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নিউজিল্যান্ডের জনগণ এমন একটি সরকার চায়, যা স্থিতিশীল, একসঙ্গে কাজ করবে এবং পুরো মেয়াদ দায়িত্ব পালন করবে।’

তিনি আরও বলেন, ‘ভেঙে পড়বে এমন কোনো চুক্তিতে তাড়াহুড়ো করে সম্মতি দেওয়া কিংবা জনগণকে আবার নির্বাচনের মুখোমুখি করার জন্য নিউজিল্যান্ডের মানুষ আমাদের ধন্যবাদ জানাবে না।’

অপরচুনিটি পার্টির দিকে তাকিয়ে ন্যাশনাল পার্টি

৭ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে প্রধানমন্ত্রী লুকসনের মধ্য-ডানপন্থী ন্যাশনাল পার্টি ৪০টি আসন পেয়েছে। জোটের অন্য দুই শরিক অ্যাক্ট পার্টি পেয়েছে ১৩টি এবং নিউজিল্যান্ড ফার্স্ট পেয়েছে ১২টি আসন।

অন্যদিকে, প্রধান বিরোধী দল লেবার পার্টি পেয়েছে ৩৬টি আসন। প্রথমবারের মতো পার্লামেন্টে প্রবেশ করা অপরচুনিটি পার্টি পেয়েছে সাতটি আসন।

দলটির নেতা কিউলায়ে ওং শুক্রবার জানিয়েছেন, পার্লামেন্টে সবচেয়ে বেশি আসন পাওয়া দল হিসেবে ন্যাশনাল পার্টির সঙ্গে সরকার গঠন নিয়ে আলোচনা করবেন তারা।

তিনি বলেন, ‘এ পর্যায়ে কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যায় না, কারণ এখনো কারও সঙ্গে আমাদের আলোচনা শুরু হয়নি।’

সরকারে যোগ দেওয়া কিংবা বিরোধী দলগুলোর সঙ্গে স্বতন্ত্র অবস্থানে থাকার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানান তিনি। তার ভাষ্য, একটি স্থিতিশীল সরকার নিশ্চিত করতে দলটি সর্বোচ্চ চেষ্টা করবে।

নীতিগত মতপার্থক্য বড় বাধা

তবে অপরচুনিটি পার্টির সঙ্গে ক্ষমতাসীন জোটের নীতিগত বেশ কিছু বিষয়ে মতপার্থক্য রয়েছে।

দলটির নির্বাচনী ইশতেহারে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরও কঠোর পদক্ষেপ, সমুদ্রের তলদেশে জাল ফেলে মাছ ধরার পদ্ধতি নিষিদ্ধ করা, বাজারে প্রতিযোগিতা বাড়াতে কঠোর নিয়ম এবং সরকারি বিনিয়োগে সরকারের অধিকতর সক্রিয় ভূমিকার কথা বলা হয়েছে।

এসব নীতির কয়েকটি ক্ষমতাসীন জোটের বর্তমান কর্মসূচির সঙ্গে সাংঘর্ষিক। ফলে সরকার গঠনের আলোচনায় নীতিগত সমঝোতা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

অ্যাক্ট পার্টির নেতা ডেভিড সেমুর অবশ্য মনে করছেন, দলগুলো আন্তরিকভাবে আলোচনা করলে দ্রুত সরকার গঠন সম্ভব।

নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম ১নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অপরচুনিটি পার্টির সঙ্গে কোনো না কোনো পর্যায়ে কাজ করতে রাজি থাকলে ক্ষমতাসীন জোট সরকার গঠন করতে পারবে।

বিকল্প সরকার গঠনের হিসাবও জটিল

এদিকে লেবার পার্টি, গ্রিন পার্টি এবং তে পাতি মাওরি পার্টিকে নিয়ে মধ্য-বামপন্থী জোট গঠনের সম্ভাবনাও রয়েছে। তবে অপরচুনিটি পার্টির সমর্থন পেলেও তাদের আসনসংখ্যা সংখ্যাগরিষ্ঠতার জন্য যথেষ্ট হবে না।

তবে নিউজিল্যান্ড ফার্স্ট পার্টি যদি মধ্য-বামপন্থী দলগুলোর সঙ্গে সমঝোতায় আসে, তাহলে বিকল্প সরকার গঠনের পথ তৈরি হতে পারে।

২০১৭ সালের নির্বাচনের পর লেবার পার্টির সঙ্গে নিউজিল্যান্ড ফার্স্ট জোট গঠন করেছিল। ফলে এবারও এমন সমীকরণ একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

যদি কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারে এবং সরকার গঠনের আলোচনা ব্যর্থ হয়, তাহলে দেশটিতে নতুন করে নির্বাচন আয়োজন করতে হতে পারে।

বিশেষ ভোটে বদলে গেল নির্বাচনের হিসাব

নির্বাচনের প্রাথমিক ফলাফলে ক্ষমতাসীন জোট দুই আসনের সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। কিন্তু বিদেশে অবস্থানরত ভোটার এবং নিজ নির্বাচনী এলাকার বাইরে ভোট দেওয়া নাগরিকদের বিশেষ ভোট গণনার পর চূড়ান্ত ফলাফলে সেই অবস্থান বদলে যায়।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ২৯ লাখ ৩১ হাজার ৬০৪টি ভোট পড়েছে। এর মধ্যে ৪ লাখ ৮৪ হাজার ৮৬৫টি ছিল বিশেষ ভোট। নিউজিল্যান্ডে সাধারণত এসব বিশেষ ভোটের ফল মধ্য-বামপন্থী দলগুলোর পক্ষে বেশি যায়।

এদিকে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার পর দেশটির মুদ্রা নিউজিল্যান্ড ডলারের দর সামান্য বেড়েছে। চলতি সপ্তাহে মার্কিন ডলারের বিপরীতে মুদ্রাটির বিনিময় হার ১৭ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

সব মিলিয়ে নিউজিল্যান্ডের রাজনীতিতে এখন সরকার গঠনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মাত্র সাতটি আসন পাওয়া অপরচুনিটি পার্টি। দলটির অবস্থান ও সিদ্ধান্তই শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসনের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।

তথ্যসূত্র: রয়টার্স

সোহানুর রহমান

সম্পাদনা

সোহানুর রহমান

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট