পাকিস্তানে ভবনধসে মৃত্যু বেড়ে ১৫, ধ্বংসস্তূপে এখনও নিখোঁজ অনেকে

পাকিস্তানের বন্দরনগরী করাচিতে নির্মাণাধীন একটি ভবনধসে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে আরও ১৫ জনকে। ধ্বংসস্তূপের নিচে এখনও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
রোববার (২৯ নভেম্বর) দেশটির এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।
প্রাদেশিক জরুরি সেবা বিভাগের এক মুখপাত্র জানান, গত বুধবার করাচির বালোচ কলোনি এলাকায় ভবনটি ধসে পড়ে। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। এ পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ১৫ জনকে।
তিনি বলেন, এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার অভিযান ও ধ্বংসস্তূপ সরানোর কাজ অব্যাহত রয়েছে।
দুর্ঘটনার পর ভবনটির আশপাশের আরও কয়েকটি স্থাপনা ঝুঁকিপূর্ণ বিবেচনায় সিলগালা করে দিয়েছে কর্তৃপক্ষ।
পাকিস্তানে ভবনধসের ঘটনা নতুন নয়। দুর্বল নির্মাণব্যবস্থা, নিম্নমানের নির্মাণসামগ্রী, অনুমোদনহীন ভবন সম্প্রসারণ এবং নির্মাণবিধি যথাযথভাবে অনুসরণ না করাকে এ ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা হয়।
দুই কোটিরও বেশি মানুষের বসবাস করাচিতে অপরিকল্পিত নগরায়ণ, অতিরিক্ত জনসংখ্যার চাপ এবং জরাজীর্ণ অবকাঠামো দীর্ঘদিনের সমস্যা।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে করাচিতে গ্যাস বিস্ফোরণে একটি ভবন ধসে ১৬ জন নিহত হন। এ ছাড়া গত বছরের জুলাইয়ে শহরের লিয়ারি এলাকায় পাঁচতলা একটি ভবনধসে প্রাণ হারান ২৭ জন।


