logo

ইসরায়েলে নির্বাচনের আগে জনমত জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে আইজেনকট

টাইমস অব ইসরায়েল
ইসরায়েলে নির্বাচনের আগে জনমত জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে আইজেনকট
ইসরায়েলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: টাইমস অব ইসরাইল

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তুলনায় দেশটির সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের প্রতি জনসমর্থন বেড়েছে। সোমবার প্রকাশিত এক নতুন জনমত জরিপে দেখা গেছে, প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর চেয়ে আইজেনকটকে বেশি উপযুক্ত মনে করছেন উত্তরদাতারা।

চ্যানেল ১২-এর জরিপ অনুযায়ী, ৪৫ শতাংশ উত্তরদাতা প্রধানমন্ত্রী হিসেবে আইজেনকটকে উপযুক্ত মনে করেন। অন্যদিকে, নেতানিয়াহুর পক্ষে মত দিয়েছেন ৩৩ শতাংশ। আগের জরিপে দুজনের মধ্যে ব্যবধান ছিল ১০ শতাংশ পয়েন্ট, যা নতুন জরিপে বেড়ে ১২ শতাংশ পয়েন্টে দাঁড়িয়েছে।

ইসরায়েলের ২৭ অক্টোবরের পার্লামেন্ট নির্বাচন সামনে রেখে এ জরিপ প্রকাশ করা হলো। জরিপে আইজেনকটের ইয়াশার পার্টি ১২০ আসনের নেসেটে সর্বোচ্চ আসন পেতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

জরিপের পূর্বাভাস অনুযায়ী, ইয়াশার পার্টি ২৪টি আসন পেতে পারে। নেতানিয়াহুর লিকুদ পার্টি পেতে পারে ২১টি আসন।

সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের ‘টুগেদার’ পার্টি ১৪টি আসন পেতে পারে। ইয়ার গোলানের ডেমোক্র্যাটস পার্টি এবং আরব নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট প্রত্যেকে নয়টি করে আসন পেতে পারে।

এ ছাড়া আভিগদর লিবারম্যানের ইসরায়েল বেইতেনু পার্টি, কট্টরপন্থী অর্থোডক্স শাস পার্টি এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের জিউইশ পাওয়ার পার্টি প্রত্যেকেই আটটি করে আসন পেতে পারে।

নেতানিয়াহুবিরোধী দলগুলোর আসন বাড়ার আভাস

জরিপে নেতানিয়াহুবিরোধী ইহুদি-নেতৃত্বাধীন দলগুলো মোট ৫৫টি আসন পেতে পারে বলে ধারণা করা হয়েছে, যা আগের জরিপের তুলনায় দুটি বেশি। অন্যদিকে, নেতানিয়াহুর ক্ষমতাসীন জোট পেতে পারে ৫১টি আসন।

দুটি আরব দল সম্মিলিতভাবে আরও ১৪টি আসন পেতে পারে বলে জরিপে উল্লেখ করা হয়েছে। সেগুলো যোগ করলে নেতানিয়াহুর জোটের বাইরের দলগুলোর সম্ভাব্য আসনসংখ্যা দাঁড়ায় ৬৯। তবে ভবিষ্যতে সরকার গঠনের ক্ষেত্রে আরব দলগুলোকে অন্তর্ভুক্ত করা হবে কি না, তা এখনো অনিশ্চিত।

প্রধানমন্ত্রী হিসেবে উপযুক্ততা নিয়ে আলাদা এক প্রশ্নে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও নেতানিয়াহুর চেয়ে বেশি সমর্থন পেয়েছেন। জরিপে ৩৯ শতাংশ উত্তরদাতা বেনেটকে উপযুক্ত মনে করেছেন, যেখানে নেতানিয়াহুর পক্ষে মত দিয়েছেন ৩৪ শতাংশ। আরও ২২ শতাংশ উত্তরদাতা মনে করেন, তাদের কেউই প্রধানমন্ত্রী পদের জন্য উপযুক্ত নন।

ট্রাম্পের সমর্থনে ভোটারদের প্রতিক্রিয়া

নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য সমর্থন ভোটারদের ওপর কী প্রভাব ফেলছে, তা-ও জরিপে জানতে চাওয়া হয়।

এতে ৬৪ শতাংশ উত্তরদাতা বলেছেন, নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের সমর্থন তাদের ভোট দেওয়ার সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলবে না। ১৭ শতাংশ বলেছেন, ট্রাম্পের সমর্থনের কারণে তাঁরা লিকুদ পার্টিকে ভোট দেওয়ার ব্যাপারে কম আগ্রহী হয়েছেন।

অন্যদিকে, মাত্র ১২ শতাংশ উত্তরদাতা বলেছেন, ট্রাম্পের সমর্থন নেতানিয়াহুর দলের প্রতি তাদের সমর্থন বাড়িয়েছে।

রোববার নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়ে ট্রাম্প তার নেতৃত্ব এবং ওয়াশিংটনের সঙ্গে তার অংশীদারত্বের প্রশংসা করেন। বিশেষ করে ইরানের বিরুদ্ধে অবস্থানের ক্ষেত্রে নেতানিয়াহুর ভূমিকার প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে জরিপের ফলাফল জনমতের একটি নির্দিষ্ট সময়ের চিত্র তুলে ধরে। নির্বাচনের চূড়ান্ত ফলাফল এবং সরকার গঠনের সমীকরণ নির্ভর করবে ভোটের ফল ও দলগুলোর পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্তের ওপর।