logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

মতবিরোধের জেরে ভেস্তে গেল কপ৩১ সম্মেলন

মতবিরোধের জেরে ভেস্তে গেল কপ৩১ সম্মেলন
তুরস্কের আন্তালিয়ায় এবারের কপ৩১ সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি: রয়টার্স

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ৩১। জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের বিষয়ে সুস্পষ্ট অঙ্গীকার না থাকা এবং জলবায়ু অর্থায়ন নিয়ে মতবিরোধের কারণে ইউরোপীয় ইউনিয়নসহ কয়েকটি দেশ সম্মেলনের প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করেছে।

তুরস্কের আন্তালিয়ায় দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা আলোচনা নির্ধারিত সময়ের পরও দুই দিন গড়ায়। এতে এবারের সম্মেলন জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ইতিহাসে দীর্ঘতম হয়ে ওঠে। এরপরও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা।

Advertisement

রোববার (২২ নভেম্বর) সমাপনী অধিবেশনে সম্মেলনের সভাপতি তুরস্কের মুরাত কুরুম বলেন, নতুন কোনো খসড়া প্রস্তাব সামনে আনার মতো আর কিছু করার নেই। পরে বিভিন্ন দেশের প্রতিনিধিরা বক্তব্য দেওয়ার সময়ই তিনি মঞ্চ ছেড়ে চলে যান।

সম্মেলনে আলোচনার দায়িত্বে থাকা অস্ট্রেলিয়ার ক্রিস বোয়েন বলেন, এবারের ফলাফল অত্যন্ত হতাশাজনক। জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু অর্থায়ন নিয়ে মতপার্থক্য চুক্তির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, জলবায়ু সংকটের ভয়াবহতা বিবেচনায় সরকারগুলো যে দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ছিল, তা পূরণ না হওয়ায় তিনি গভীর হতাশা অনুভব করছেন।

২০০৯ সালে কোপেনহেগেনে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনের পর এবারই প্রথম জাতিসংঘের জলবায়ুবিষয়ক আলোচনা সব দেশের সম্মতিতে কোনো চুক্তি গ্রহণ ছাড়াই শেষ হলো।

প্রস্তাবিত চুক্তিতে জীবাশ্ম জ্বালানির কথা উল্লেখ না থাকায় ইউরোপীয় ইউনিয়ন এতে সমর্থন দিতে পারেনি বলে জানিয়েছেন আয়ারল্যান্ডের পরিবেশমন্ত্রী ডারাগ ও’ব্রায়েন।

তিনি বলেন, জলবায়ুবিষয়ক কোনো সিদ্ধান্তে জীবাশ্ম জ্বালানির উল্লেখ না থাকা এবং তা থেকে সরে আসার বিষয়ে কোনো অঙ্গীকার না করা গ্রহণযোগ্য নয়।

পর্যবেক্ষকদের মতে, সৌদি আরবসহ বড় তেল উৎপাদনকারী দেশগুলো চুক্তিতে জীবাশ্ম জ্বালানির উল্লেখ না রাখতে তৎপর ছিল। তাদের যুক্তি, ভবিষ্যতেও বৈশ্বিক অর্থনীতিতে জীবাশ্ম জ্বালানির ভূমিকা থাকবে।

প্রস্তাবিত চুক্তিতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা স্বীকার করা হয়েছিল। পাশাপাশি বায়ুমণ্ডল থেকে কার্বন অপসারণের প্রযুক্তির উন্নয়ন দ্রুত করার আহ্বান জানানো হয়। তেল উৎপাদনকারী দেশগুলো এ বিষয়টি চুক্তিতে অন্তর্ভুক্ত করার পক্ষে ছিল।

বিজ্ঞানীদের মতে, কার্বন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কমানোর পাশাপাশি বায়ুমণ্ডল থেকে কার্বন অপসারণের ব্যবস্থা নেওয়া জরুরি। তবে সমালোচকদের আশঙ্কা, কার্বন অপসারণের প্রযুক্তির ওপর অতিরিক্ত গুরুত্ব দিলে তেল উত্তোলন অব্যাহত রাখার সুযোগ তৈরি হতে পারে।

উন্নয়নশীল দেশগুলোও প্রস্তাবিত চুক্তির বিরোধিতা করেছে। তাদের অভিযোগ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও অভিযোজনের জন্য প্রয়োজনীয় অর্থায়নের বিষয়ে এতে যথেষ্ট নিশ্চয়তা ছিল না।

চুক্তিতে জলবায়ু অভিযোজনের অর্থায়ন তিন গুণ বাড়ানোর কথা বলা হলেও কোন ভিত্তির তুলনায় এই বৃদ্ধি ঘটানো হবে, তা নির্দিষ্ট করা হয়নি।

এ ছাড়া ২০৩৫ সালের মধ্যে বিশ্বের মোট চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার একটি লক্ষ্য প্রস্তাব করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট। বর্তমানে এ হার প্রায় ২৩ শতাংশ।

এই লক্ষ্য বাস্তবায়িত হলে জ্বালানিচালিত গাড়ি, চুল্লি ও অন্যান্য যন্ত্রপাতির ব্যবহার কমিয়ে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস করা সম্ভব বলে সমর্থকদের দাবি। তবে সমালোচকদের মতে, জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার সুস্পষ্ট পথনির্দেশনা ও পর্যাপ্ত অর্থায়ন ছাড়াই এ লক্ষ্য দরিদ্র দেশগুলোর ওপর বাড়তি ব্যয়ের চাপ তৈরি করতে পারে।

২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তিতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার বিষয়টি নির্ধারণ করা হয়েছিল। সে সময়কার নীতিগুলো অব্যাহত থাকলে চলতি শতাব্দীতে তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস ছিল। এক দশক পর সেই পূর্বাভাস কমে ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে।

এবারের সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন জাতিসংঘের পরিবেশবিষয়ক সংস্থা গত অক্টোবরে জানিয়েছে, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিজ্ঞানীদের মতে, এই সীমা অতিক্রম করলে তাপপ্রবাহ, দাবানল, বন্যা ও শক্তিশালী ঝড়ের মতো চরম আবহাওয়ার ঘটনা আরও তীব্র হতে পারে।

তবে আন্তালিয়ায় রাজনৈতিক ঘোষণা গ্রহণে ব্যর্থ হলেও আগের জাতিসংঘ সম্মেলনগুলোতে দেশগুলোর সম্মত হওয়া অঙ্গীকার ও বাধ্যবাধকতা বাতিল হয়ে যায়নি। বেলজিয়ামের জলবায়ুমন্ত্রী জ্যঁ-লুক ক্রুক বলেন, ফলাফল হতাশাজনক হলেও এটি বহুপক্ষীয় সহযোগিতার সমাপ্তি নয়। বরং প্রয়োজনে কোনো প্রস্তাবে ‘না’ বলার সাহসও থাকতে হবে।