logo

ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ছবি: সংগৃহীত

দীর্ঘমেয়াদি অচলাবস্থা নিয়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। তবুও ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২২ মে) পর্যন্ত পেন্টাগন প্রস্তুতি নিচ্ছিল বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার বিকেল পর্যন্ত নতুন কোনো হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কিন্তু প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তারা বিদেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর জন্য প্রত্যাহারের তালিকা হালনাগাদ করা শুরু করেছেন। কিছু সামরিক কর্মী সম্ভাব্য পদক্ষেপের আশঙ্কায় মেমোরিয়াল ডে উইকেন্ডের পরিকল্পনা বাতিল করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘সরকারি কাজের কারণে’ তিনি এই সপ্তাহান্তে ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়েতে উপস্থিত থাকতে পারবেন না। মূলত মেমোরিয়াল ডে উপলক্ষে নিউ জার্সিতে নিজের গলফ রিসোর্টে সময় কাটানোর পরিকল্পনা ছিল ট্রাম্পের। তবে এখন তিনি হোয়াইট হাউসে ফিরে যাবেন।

একাধিক সূত্র জানিয়েছে, সম্ভাব্য হামলার শঙ্কায় মার্কিন সামরিক ও গোয়েন্দা সংস্থার কিছু সদস্য তাদের মেমোরিয়াল ডে উইকেন্ডের পরিকল্পনা বাতিল করেছেন।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন, প্রেসিডেন্টের যে কোনো সিদ্ধান্ত কার্যকর করার জন্য মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। ইরান চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করা হয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি সিবিএস নিউজকে বলেছেন, জনাব ট্রাম্প তার অলঙ্ঘনীয় সীমা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। এমনকি সমৃদ্ধ ইউরেনিয়ামও রাখতে পারবে না।

কেলি বলেন, প্রেসিডেন্ট সবসময় সব বিকল্প খোলা রাখেন। তার যে কোনো সিদ্ধান্ত কার্যকর করার জন্য প্রস্তুত থাকাই পেন্টাগনের কাজ। ইরান যদি কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তবে তার পরিণতি সম্পর্কে প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে ইরানের ওপর আরও যে কোনো হামলা মধ্যপ্রাচ্যের বাইরেও সংঘাতকে বিস্তৃত করতে পারে। আইআরজিসি এমন সব জায়গায় ‘বিধ্বংসী আঘাত’ হানার প্রতিশ্রুতি দিয়েছে, যা আমেরিকানরা কল্পনাও করতে পারবেন না।

এর আগে শুক্রবার সূত্রের বরাতে সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানায়, পাকিস্তানের মধ্যস্থতায় আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি খসড়া চুক্তি স্বাক্ষরিত হতে পারে। উভয়পক্ষের মধ্যে সম্ভাব্য খসড়া চুক্তির জন্য নয় দফা রূপরেখা দেওয়া হয়েছে।

তেহরান ও ওয়াশিংটন কর্তৃক আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার পরপরই চুক্তিটি কার্যকর হবে। এমন খবর মধ্যে আবারও সামনে আসল ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রস্তুতির খবর।

প্রায় তিন মাস ধরে চলা যুদ্ধ শেষ করার জন্য একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাব তেহরান পর্যালোচনা করছে।

একটি সূত্র সিবিএস নিউজকে জানিয়েছে, বুধবার প্রস্তাবটি ইরানে পাঠানো হয়েছে। একই সঙ্গে সতর্কবার্তা দেওয়া হয়েছে, এই তথাকথিত চূড়ান্ত প্রস্তাব প্রত্যাখ্যান করা হলে পুনরায় সামরিক হামলা শুরু করা হবে।