logo
Advertisement

নেপালের ভয়াবহ বন্যায় ভারতে ভেসে এলো ৭ মরদেহ

বিবিসি হিন্দি
বিবিসি হিন্দি
নেপালের ভয়াবহ বন্যায় ভারতে ভেসে এলো ৭ মরদেহ
নেপালের বন্যায় ৭ জনের মরদেহ ভারতের উত্তরপ্রদেশে ভেসে আসে। ছবি: বিবিসি হিন্দি

নেপালের প্রলয়ংকরী বন্যায় ভেসে আসা সাতটি মরদেহ প্রবাহিত নদী থেকে উদ্ধার করেছে ভারত কর্তৃপক্ষ। কর্মকর্তাদের ধারণা, প্রতিবেশী দেশটিতে হিমবাহধস থেকে সৃষ্ট আকস্মিক বন্যায় নিহত হয়েছেন তারা। পরে নদীর খরস্রোতে ভেসে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছে।

Advertisement

শুক্রবার (২৮ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি হিন্দির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুসারে, নেপাল থেকে আচড়ে পড়া গণ্ডক (নেপালে নারায়ণী নামে পরিচিত) নদীর প্রবল স্রোতে ভেসে আসা সাতটি মরদেহ ভারতের উত্তর প্রদেশের সীমান্তবর্তী দুই জেলা থেকে উদ্ধার করা হয়েছে।

আগের দিন রাজ্যের মহারাজগঞ্জ জেলায় চারটি ও কুশীনগর জেলায় তিনটি মরদেহ উদ্ধার করে যৌথ উদ্ধারকারী দল। পুলিশ ও স্থানীয় প্রশাসনের মতে, উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে পাঁচজন নারী ও দুজন পুরুষ রয়েছেন।

তাদের ধারণা, হিমবাহধসে নেপালে সৃষ্ট সাম্প্রতিক আকস্মিক বন্যায় নিহত হওয়া এই ব্যক্তিদের মরদেহ নদীর খরস্রোতে ভেসে সীমান্ত অতিক্রম করে ভারতে চলে এসেছে।

ঘটনাস্থলে টহল দেওয়ার সময় ভারতের সশস্ত্র সীমা বলের (এসএসবি) উদ্ধারকারী দল গণ্ডক নদীর পানিতে মরদেহগুলো ভাসতে দেখে। পরে স্পিডবোটে করে নদী থেকে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্ত ও সুরতহালের জন্য সংশ্লিষ্ট জেলা সদর দপ্তরে পাঠানো হয়।

নিচলাউল তহসিলের মহকুমা ম্যাজিস্ট্রেট (এসডিএম) সিদ্ধার্থ গুপ্ত জানান, মহারাজগঞ্জে উদ্ধার করা চারজনের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ রয়েছেন। মরদেহগুলো উজান অর্থাৎ নেপাল থেকে ভেসে আসার প্রবল সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, ‘নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা নেপাল প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় রেখে চলছি। নদীর তীরবর্তী এলাকায় এসডিআরএফ, আরআরটি ও এসএসবি দলগুলো নিরবচ্ছিন্ন নজরদারি বজায় রেখেছে।’

অন্যদিকে কুশীনগরের অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ ভার্মা জানান, তাদের এলাকা থেকে দুজন নারী ও একজন পুরুষের মরদেহ উদ্ধার করে ফ্রিজারে সংরক্ষণ করা হয়েছে। শনাক্তকরণ প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

এদিকে মহারাজগঞ্জ ও কুশীনগর প্রশাসন নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। নেপাল-চীন সীমান্তে পাহাড়ি ঢল, বন্যা ও ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৭৫ জনে দাঁড়িয়েছে। হিমালয় অঞ্চলে গত বুধবারের এই প্রলয়ঙ্করি দুর্যোগে এখনো সীমান্ত এলাকার প্রায় ১ হাজার ৪০০ জন মানুষ নিখোঁজ রয়েছেন।