logo

প্যালেস্টাইন অ্যাকশনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান ব্রিটিশ এমপির

প্যালেস্টাইন অ্যাকশনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান ব্রিটিশ এমপির
লন্ডনে ‘কোস্টা বুক অ্যাওয়ার্ডস ২০১৮’-এর বিজয়ী ঘোষণার আগে ছবি তোলার জন্য পোজ দিচ্ছেন আইরিশ লেখিকা স্যালি রুনি। ছবি: রয়টার্স

ফিলিস্তিনপন্থী কর্মী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ সংসদ সদস্য ইয়ান বার্ন। আইরিশ ঔপন্যাসিক স্যালি রুনির বই যুক্তরাজ্যের বাজার থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তিনি এ আহ্বান জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইয়ান বার্ন বলেন, প্যালেস্টাইন অ্যাকশনকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধ করার পরিণতি কতটা কঠোর হতে পারে, সে বিষয়ে তিনি আগেই সতর্ক করেছিলেন। বর্তমান পদক্ষেপকে তিনি ‘মতপ্রকাশের স্বাধীনতার ওপর সম্পূর্ণ লজ্জাজনক আঘাত’ বলে বর্ণনা করেন।

সম্প্রতি স্যালি রুনির প্রকাশক নিশ্চিত করেছেন, প্যালেস্টাইন অ্যাকশনের প্রতি সমর্থনের কারণে লেখক হিসেবে রুনি আর যুক্তরাজ্য থেকে তার বইয়ের রয়্যালটি গ্রহণ করতে পারবেন না। এর পরিপ্রেক্ষিতে নিজের বই যুক্তরাজ্যের বাজার থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

রুনি জানিয়েছেন, এ সিদ্ধান্তের ফলে যে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে, তা তিনি সম্পূর্ণ সচেতনভাবেই মেনে নিতে প্রস্তুত।

প্যালেস্টাইন অ্যাকশনের ওপর নিষেধাজ্ঞা এবং এর ফলে লেখক ও সমর্থকদের ওপর পড়া প্রভাব নিয়ে যুক্তরাজ্যে মতপ্রকাশের স্বাধীনতা ও প্রতিবাদের অধিকারসংক্রান্ত বিতর্ক নতুন করে সামনে এসেছে।

ইয়ান বার্নের দাবি, নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে। তবে এ বিষয়ে যুক্তরাজ্য সরকারের পরবর্তী সিদ্ধান্ত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।