logo

বিয়ের আসরে গাড়ির দাবি, বরের বাবাকে খেলনা গাড়ি দিলেন কনের স্বজনেরা

বিয়ের আসরে গাড়ির দাবি, বরের বাবাকে খেলনা গাড়ি দিলেন কনের স্বজনেরা
সকাল থেকে রাত পর্যন্ত অপেক্ষা করিয়ে খেলনার গাড়ি তুলে দেওয়া হয়। ছবি: ইন্ডিয়া টুডে

যৌতুক হিসেবে মহিন্দ্রা থার গাড়ি দাবি করায় বিয়ের আয়োজন বাতিল করেছে কনের পরিবার। ভারতের উত্তরপ্রদেশের মিরাটে বরপক্ষের এমন দাবির প্রতিবাদে বরের বাবার হাতে প্লাস্টিকের খেলনা স্করপিও তুলে দেন কনের স্বজনেরা। সকাল থেকে রাত পর্যন্ত অপেক্ষা করিয়ে এভাবে অভিনব প্রতিবাদ জানিয়ে বিয়ে ভেঙে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রোববার (২৯ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশের মিরাটের জ্ঞানপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রায় পাঁচ মাস আগে জ্ঞানপুর গ্রামের শামশেরের ছেলের সঙ্গে পাশের সালোনা গ্রামের এক তরুণীর বিয়ের কথাবার্তা চূড়ান্ত হয়েছিল।

Advertisement

বাগদানের সময় কনের পরিবার বরপক্ষকে বিভিন্ন উপহারসামগ্রীর পাশাপাশি ১ লাখ রুপি দিয়েছিল। কিন্তু সম্প্রতি কনের পরিবারের জমি বিক্রির খবর জানতে পেরে বরপক্ষ যৌতুক হিসেবে একটি গাড়ি দাবি করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) কনের বাড়িতে ‘লাল খাত’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উত্তরপ্রদেশের প্রচলিত এই রীতিতে কনের পরিবার আনুষ্ঠানিকভাবে বরপক্ষকে বিয়ের আমন্ত্রণ জানায়। অনুষ্ঠানে যোগ দিতে বরপক্ষের আত্মীয়স্বজন কনের বাড়িতে আসেন।

তবে সকাল থেকে অপেক্ষা করিয়ে রাত প্রায় ১০টার দিকে বরের বাবার হাতে একটি প্লাস্টিকের খেলনা গাড়ি তুলে দেন কনের পরিবারের সদস্যরা। একই সঙ্গে বিয়ে বাতিলের ঘোষণা দেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কনের পরিবারের এক সদস্যকে বলতে শোনা যায়, আপনার একজন মানুষ দরকার ছিল না, আপনার দরকার ছিল গাড়ি। আমরা আপনাকে স্করপিও দিয়েছি। এবার এটি চালান আর আনন্দ করুন।

ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি চেয়ারে বসে আছেন। এ সময় কয়েকজন তার হাতে খেলনা গাড়িটি তুলে দেন। কনের পরিবারের এক সদস্য বলেন, বরপক্ষ সকালে এসেছিল, অথচ এখন রাত ১০টা। তারা যে গাড়ি চেয়েছিলেন, সেটি দেওয়া হয়েছে। এরপর বাগদান ফিরিয়ে দেওয়ার পাশাপাশি বিয়ে বাতিলের কথা জানান তিনি।

প্রতিবেদন অনুযায়ী, কয়েক দিন আগে কনের পরিবার এক টুকরো জমি বিক্রি করেছিল। সেই খবর পেয়ে বরপক্ষ গাড়ি দাবি করে। কনের পরিবার তাদের বোঝানোর চেষ্টা করলেও আলোচনা সফল হয়নি। পরে বরপক্ষকে ‘লাল খাত’ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে এই প্রতিবাদের আয়োজন করা হয়।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে ভাইরাল ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।