ভারতে ১০ দিনে চারবার বাড়ল তেলের দাম

ভারতে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে। ১০ দিনের ব্যবধানে টানা চারবার বৃদ্ধি পেয়েছে পেট্রোল এবং ডিজ়েলের দাম। দাম বেড়ে পেট্রোল ১০০ ছুঁয়েছে, ডিজেলের দামও ১০০ ছুঁই ছুঁই।
সর্বশেষ গত শনিবারের পর সোমবার (২৫ মে) দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ২ দশমিক ৬১ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ২ দশমিক ৭১ টাকা বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেশটির রাজধানীতে পেট্রোলের নতুন দাম ১০২ দশমিক ১২ টাকা। ডিজেল বিক্রি হচ্ছে ৯৫ দশমিক ২০ টাকায়।
কলকাতাতেও পেট্রোল ও ডিজ়েলের দাম বেড়েছে। লিটারপ্রতি ২ দশমিক ৮৭ টাকা বেড়ে শহরে পেট্রোলের নতুন দাম হয়েছে ১১৩ দশমিক ৫১ টাকা। লিটার প্রতি ২ দশমিক ৮০ টাকা বেড়ে ডিজেলের দাম কলকাতায় হয়েছে ৯৯ দশমিক ৮২ টাকা। এ ছাড়া মুম্বাইতে এক লিটার পেট্রোল পাওয়া যাচ্ছে ১১১ দশমিক ২১ টাকায়, দাম বেড়েছে ২ দশমিক ৭২ টাকা। চেন্নাইতে ২ দশমিক ৪৬ টাকা বৃদ্ধির পর এক লিটার পেট্রোলের নতুন দাম ১০৭ দশমিক ৭৭ টাকা। মুম্বাইতে ডিজেলের দাম বেড়েছে ২ দশমিক ৮১ টাকা। ৯৭ দশমিক ৮৩ টাকায় এক লিটার ডিজেল পাওয়া যাচ্ছে। চেন্নাইতে ডিজেলের দাম ২ দশমিক ৫৭ টাকা বেড়ে প্রতি লিটারের নতুন দাম হয়েছে ৯৯ দশমিক ৫৫ টাকা।
সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে পরিবহন থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্যে। ইতোমধ্যে অনেক জায়গায় জ্বালানির সঙ্গে পাল্লা দিয়ে দুধ, রুটির দাম বেড়েছে।
গত ১৫ মে সারা দেশে এক ধাক্কায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে তিন টাকা। তার পর ১৯ মে আবার দাম বাড়ে। এ দফায় আরও ৯০ পয়সা করে পেট্রোলের দাম বাড়ে। এরপর শনিবার (২৩ মে) ফের ৮৭ পয়সা দাম বৃদ্ধি করা হয়। সর্বশেষ আজ সোমবারের মূল্যবৃদ্ধির পর দেশে গত ১০ দিনে সাত টাকারও বেশি দাম বেড়েছে পেট্রোলের।
ভারতে তেল সরবরাহকারী সংস্থা ইন্ডিয়ান অয়েল করপোরেশন, ভারত পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড, হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেডের মতো সংস্থাগুলি জানায়, দীর্ঘদিন তারা বেশি দামে জ্বালানি কিনেও দেশের বাজারে দাম স্বাভাবিক রেখেছিল। এর ফলে দিনে প্রায় ১০০০ কোটি টাকা তাদের ক্ষতি হচ্ছিল। ক্ষতির পরিমাণ এতটাই বেড়েছে, পেট্রোল বা ডিজেলের দাম বৃদ্ধি করা ছাড়া এখন উপায় নেই।
শনিবার মূল্যবৃদ্ধির পর ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ জানায়, দেশে পেট্রোল বা ডিজেলের সার্বিক কোনো ঘাটতি নেই। কিছু কিছু জায়গায় স্থানীয়ভাবে দাম বাড়ছে এবং তা সাময়িক। আঞ্চলিক চাহিদা এবং সরবরাহের সামঞ্জস্য না থাকায় দাম বাড়ছে বলে দাবি করেছিল দেশের সবচেয়ে বড় তেল সংস্থা।
