আবাসন সংকট ও মজুরি বৃদ্ধির দাবিতে ইউরোপজুড়ে বিক্ষোভের ডাক

জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, আবাসন সংকট, মজুরি বৃদ্ধি না পাওয়া এবং সামরিক খাতে ব্যয় বাড়ানোর প্রতিবাদে ইউরোপের বিভিন্ন দেশে একযোগে রাজপথে নামছেন শ্রমিক, শিক্ষার্থী ও তরুণ আন্দোলনকর্মীরা। শুক্রবার (২০ নভেম্বর) ও আগামী সপ্তাহান্তে ফ্রান্স, যুক্তরাজ্য, বেলজিয়াম, স্পেন, ইতালি, পর্তুগাল ও গ্রিসসহ বেশ কয়েকটি দেশে সমন্বিত বিক্ষোভ ও ধর্মঘটের কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দেশভেদে আন্দোলনের দাবি ও প্রেক্ষাপট আলাদা হলেও কয়েকটি অভিন্ন সংকটকে কেন্দ্র করে এসব কর্মসূচি আয়োজন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে বাড়িভাড়া ও আবাসন ব্যয়ের ঊর্ধ্বগতি, শিক্ষার পরিবেশের অবনতি, দীর্ঘদিন মজুরি না বাড়া এবং সামরিক খাতে সরকারের ব্যয় বৃদ্ধি।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পাঁচ বছর পূর্তির কাছাকাছি সময়ে এবং স্পেন, ফ্রান্স, ইতালি ও গ্রিসে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে এ আন্দোলন অনুষ্ঠিত হচ্ছে।
তরুণদের নেতৃত্বাধীন একটি জোট জানিয়েছে, ২৫টির বেশি দেশের তরুণেরা এসব কর্মসূচিতে অংশ নিতে পারেন। জোটটির দাবি, বর্তমান সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থায় পরিবর্তন আনতে তরুণদের সম্মিলিত প্রতিবাদ জরুরি।
ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ট্রুরো শহরের ১৭ বছর বয়সী শিক্ষার্থী জেনর টিনডেল-বিস্কো বলেন, সারা দেশের তরুণদের মতামত তুলে ধরা এবং নিজেদের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় পরিবর্তনের দাবি জানানোর ক্ষেত্রে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ব্যবস্থার আমূল পরিবর্তনের দাবি
তরুণদের নেতৃত্বাধীন আন্দোলনকারী জোট বর্তমান সমাজব্যবস্থায় আমূল পরিবর্তনের আহ্বান জানিয়েছে। সামরিকীকরণ ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ারও ডাক দিয়েছে তারা।
৫০টির বেশি তরুণ ও শিক্ষার্থী সংগঠনের সমন্বয়ে গঠিত এ জোটের স্লোগান, ‘তাদের যুদ্ধের জন্য নয়, নিজেদের ভবিষ্যতের জন্য লড়াই করো!’
আন্দোলনের আয়োজকদের মধ্যে ফ্রান্সের বহুল আলোচিত ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনও রয়েছে। ২০১৮ ও ২০১৯ সালে জ্বালানির ওপর কর বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া এ আন্দোলন পরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে বৃহত্তর বিক্ষোভে রূপ নেয়।
শ্রমিক সংগঠন ও আবাসন অধিকারকর্মীরা ছয়টি প্রধান দাবি সামনে এনেছেন। এর মধ্যে রয়েছে সবার জন্য আবাসনের অধিকার নিশ্চিত করা, ধনীদের ওপর কর বৃদ্ধি এবং সামরিক অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম বাড়ানোর নীতি বন্ধ করা।
রাশিয়ার হুমকি মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যখন সামরিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে, তখন বিক্ষোভকারীরা সামরিক খাতে বরাদ্দ কমিয়ে শিক্ষা, আবাসন ও তরুণদের কল্যাণমূলক কর্মসূচিতে অর্থ ব্যয়ের দাবি জানাচ্ছেন।
এ ছাড়া জার্মানিতে আবারও বাধ্যতামূলক সামরিক নিয়োগব্যবস্থা চালু হওয়ার আশঙ্কাও তরুণদের আন্দোলনে যোগ দিতে উৎসাহিত করছে।
জার্মানির শিক্ষার্থী বিক্ষোভকারী হানেস ক্র্যামারের অভিযোগ, সামরিক বাহিনী ও অবকাঠামো সম্প্রসারণে বিপুল অর্থ ব্যয় করা হলেও একই সময়ে সামাজিক কল্যাণমূলক ব্যবস্থার সংকোচন ঘটছে।
বিভিন্ন দেশে ধর্মঘট ও বিক্ষোভের প্রস্তুতি
আন্দোলনের আয়োজকদের ভাষ্য অনুযায়ী, পর্তুগাল, ক্রোয়েশিয়া ও সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশে শত শত বিক্ষোভ ও ধর্মঘটের কর্মসূচি পালিত হতে পারে। তবে সব মিলিয়ে কত মানুষ এসব কর্মসূচিতে অংশ নেবেন, তা এখনো নিশ্চিত নয়।
ফ্রান্সে ইয়েলো ভেস্ট আন্দোলনের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নতুন করে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। জ্বালানির ওপর কর বাড়ানোর প্রতিবাদে শুরু হওয়া আন্দোলনটি পরবর্তী সময়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে বৃহত্তর প্রতিবাদের রূপ নেয়।
ইতালিতে দেশব্যাপী ধর্মঘটের পাশাপাশি বিক্ষোভ অনুষ্ঠিত হবে। এতে পরিবহন, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের কার্যক্রমেও প্রভাব পড়তে পারে। দেশটির শ্রমিক সংগঠন সিজিআইএল এ কর্মসূচিকে ‘দেশের পরিবর্তনের ডাক’ হিসেবে অভিহিত করেছে।
স্পেনে স্বৈরশাসক ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর মৃত্যুর বার্ষিকী উপলক্ষে বিক্ষোভের আয়োজন করা হয়েছে। সেখানে দুপুরে তরুণদের কর্মসূচি এবং সন্ধ্যায় ফ্যাসিবাদবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে।
জার্মানিতে ‘জেনজি রেগেল্ট’ নামের একটি সংগঠন জানিয়েছে, শুধু বার্লিনেই তাদের কর্মসূচিতে ১৫ হাজার মানুষের অংশগ্রহণের প্রত্যাশা রয়েছে। এ ছাড়া দেশটির আরও কয়েক ডজন শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
ফ্রান্সের শিক্ষার্থী আন্দোলন ছড়িয়ে পড়েছে ইউরোপে
ইউরোপজুড়ে তরুণদের সাম্প্রতিক আন্দোলনে ফ্রান্সের শিক্ষার্থীদের কর্মসূচি বিশেষ প্রভাব ফেলেছে। গত সেপ্টেম্বরের মাঝামাঝি উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবিতে দেশটির বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশপথ অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
পরবর্তী সময়ে এ আন্দোলন দেশের অন্যান্য অর্থনৈতিক ও সামাজিক সংকটের প্রতিবাদে বিস্তৃত হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারি সেবার মানের অবনতি এবং পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগও আন্দোলনের অন্যতম ইস্যু হয়ে ওঠে।
বিক্ষোভ চলাকালে পুলিশের ব্যবহৃত অস্ত্রের আঘাতে কয়েকজন তরুণের দৃষ্টিশক্তি হারানো এবং কারও হাত হারানোর অভিযোগ উঠেছে। এ ছাড়া কাঁদানে গ্যাসের কারণে শারীরিক সমস্যায় পড়েছেন হাজার হাজার বিক্ষোভকারী বলে দাবি করা হয়েছে।
ফ্রান্সের শিক্ষার্থীদের এ কর্মসূচি বেলজিয়াম, ইতালি ও স্পেনসহ ইউরোপের অন্যান্য দেশের শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করেছে। এসব দেশে ফরাসি শব্দ ‘ব্লকুস’ (অবরোধ) সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনের জনপ্রিয় হ্যাশট্যাগে পরিণত হয়েছে।
ফরাসি ইতিহাসবিদ সিলভাঁ বুলুকের মতে, একই সময়ে বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের আন্দোলন গড়ে উঠতে দেখা যাচ্ছে। এসব আন্দোলনের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক কর্তৃপক্ষের প্রতি মানুষের আস্থার সংকট।
ইউরোপজুড়ে চলমান এসব কর্মসূচিতে জীবনযাত্রার ব্যয়, সামাজিক বৈষম্য, শিক্ষা ও আবাসন সংকটের পাশাপাশি সামরিকীকরণ নিয়ে তরুণ ও শ্রমজীবী মানুষের অসন্তোষের প্রতিফলন ঘটছে।



