পেরুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮ সেনা সদস্য

দক্ষিণ-পূর্ব পেরুর মাদক উৎপাদন ও পাচারের জন্য পরিচিত একটি দুর্গম নদী অববাহিকায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন হেলিকপ্টারটির পাইলট। শুক্রবার (২৭ নভেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সামরিক সদস্যদের বহনকারী এমআই-১৭ হেলিকপ্টারটি আপুরিমাক, এনে ও মানতারো নদীর অববাহিকায় একটি টহল দলকে উদ্ধারের মিশনে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়। দুর্গম এই অঞ্চলটি স্প্যানিশ সংক্ষিপ্ত নাম ‘ভ্রায়েম’ নামে পরিচিত।
মন্ত্রণালয় জানায়, অনুসন্ধান ও উদ্ধারকারী দল বিধ্বস্ত হেলিকপ্টার এবং এর নয় আরোহীকে শনাক্ত করেছে। তাদের মধ্যে আটজন নিহত হয়েছেন। একমাত্র জীবিত ব্যক্তি পাইলট এনজো এসপিনোজা রোকে। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী লিমায় নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাতে হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। এর আগে আয়াকুচো অঞ্চলের দুর্গম সানাবাম্বা এলাকা থেকে তিন সেনা সদস্যকে উদ্ধার করেছিল এটি।
তবে ওই সেনা সদস্যদের কী কারণে উদ্ধারের প্রয়োজন হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া তিন সেনা সদস্যও পরবর্তী সময়ে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত হন।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে তদন্তের বিস্তারিত তথ্যও প্রকাশ করেনি প্রতিরক্ষা মন্ত্রণালয়।
পেরুর আপুরিমাক, এনে ও মানতারো নদী অববাহিকা দেশটির সবচেয়ে বড় কোকা উৎপাদন অঞ্চল হিসেবে পরিচিত। কোকা পাতা থেকে কোকেন তৈরি করা হয়। মাদক পাচার এবং শাইনিং পাথ নামের বামপন্থি গেরিলা সংগঠনের অবশিষ্ট সদস্যদের উপস্থিতির কারণে কয়েক দশক ধরে অঞ্চলটিতে সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে।
দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতি, ঘন বনাঞ্চল এবং সশস্ত্র গোষ্ঠীর তৎপরতার কারণে সেখানে নিরাপত্তা অভিযান পরিচালনা করা কঠিন।
চলতি বছরের ফেব্রুয়ারিতেও দক্ষিণ পেরুতে দেশটির একটি এমআই-১৭ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। ওই দুর্ঘটনায় হেলিকপ্টারটির ১৫ আরোহীর সবাই নিহত হন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, পেরু বিশ্বের অন্যতম বৃহৎ কোকা পাতা ও কোকেন উৎপাদনকারী দেশ। দেশটির মাদক উৎপাদন ও পাচার নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করছে।



