logo

ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধের আহ্বান মার্কিন সিনেটরের

ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধের আহ্বান মার্কিন সিনেটরের
মার্কিন সিনেটর ট্যামি ডাকওয়ার্থ। ফাইল ছবি: এএফপি

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে মার্কিন সরকারের অর্থায়ন বন্ধ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সংঘাত অবসানে বাধ্য করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটর ট্যামি ডাকওয়ার্থ। তার দাবি, এই যুদ্ধের কারণে জ্বালানি ব্যয় বেড়ে মার্কিন পরিবারগুলোর ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইলিনয় অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট সিনেটর ডাকওয়ার্থ বলেন, ‘এই সংঘাতে অর্থায়ন বন্ধ করে প্রেসিডেন্টকে যুদ্ধের অবসান ঘটাতে বাধ্য করার সময় অনেক আগেই এসেছে।’

Advertisement

তিনি আরও দাবি করেন, ট্রাম্পের ইরান যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের প্রতিটি পরিবারকে গ্যাসোলিন ও ডিজেল বাবদ অতিরিক্ত ১ হাজার ২০০ ডলারের বেশি ব্যয় করতে হয়েছে।

মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির সদস্য ডাকওয়ার্থ দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সমালোচনা করে আসছেন। তার অভিযোগ, কংগ্রেসের অনুমোদন ছাড়াই প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধে জড়িয়েছেন। ফলে যুদ্ধের বৈধতা, ব্যয় এবং মার্কিন সেনাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

এর আগে গত ১৩ নভেম্বর সিনেটর এলিজাবেথ ওয়ারেন ও কার্স্টেন গিলিব্র্যান্ডকে সঙ্গে নিয়ে যুদ্ধের অর্থায়ন বন্ধে একটি সংশোধনী আনার ঘোষণা দেন ডাকওয়ার্থ। প্রস্তাব অনুযায়ী, কংগ্রেস সামরিক অভিযানের অনুমোদন না দেওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক কার্যক্রমে নতুন করে সরকারি অর্থ ব্যয় বন্ধ রাখতে হবে।

এ ছাড়া যুদ্ধের কারণে মার্কিন সামরিক বাহিনীর প্রস্তুতি, সক্ষমতা ও সেনাসদস্যদের ওপর কী প্রভাব পড়েছে, সে বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদন চাওয়ার কথাও রয়েছে প্রস্তাবে।

গত ১৯ নভেম্বর ডাকওয়ার্থ আরও ঘোষণা দেন, ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধের বিধান না থাকলে তিনি কোনো সরকারি ব্যয়সংক্রান্ত বিলের পক্ষে ভোট দেবেন না।

তার এই অবস্থানের ফলে ইরান যুদ্ধের অর্থায়ন নিয়ে মার্কিন কংগ্রেসে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে ডিসেম্বরের ১১ তারিখের সরকারি অর্থায়নের সময়সীমাকে সামনে রেখে যুদ্ধের ব্যয় এবং প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা নিয়ে আইনপ্রণেতাদের মধ্যে মতপার্থক্য বাড়ছে।