রিসোর্টে কিমের রাজকীয় অবকাশ, স্কিতে ব্যস্ত মেয়ের ছবি ভাইরাল

তুষারঢাকা স্কি রিসোর্টে রাজকীয় সিংহাসনের মতো দেখতে চেয়ারে বসে হাসিমুখে অবকাশ কাটাচ্ছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তার হাতে জ্বলন্ত সিগারেট, চোখে সানগ্লাস। অন্যদিকে, তার মেয়ে কিম জু আয়ে স্কি করে পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামছেন। বাবা-মেয়ের এমন ব্যতিক্রমী অবকাশযাপনের ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে এসব ছবি সামনে আসে। ছবিতে দেখা যায়, ফরমাল জুতা ও সানগ্লাস পরা কিম জং উন নকশা করা একটি চামড়ার চেয়ারে বসে হাসছেন। তার পেছনে দাঁড়িয়ে আছেন স্ত্রী রি সোল জু। অন্য একটি ছবিতে সাদা পোশাক পরে স্কি করতে দেখা যায় তাদের মেয়ে কিম জু আয়েকে। এ সময় তার মাথায় হেলমেট ছিল না। রিসোর্টের আশপাশে দেশটির বিভিন্ন কর্মকর্তাকেও দেখা গেছে।
এদিকে এমন এক সময়ে কিমের অবকাশযাপনের ছবি প্রকাশিত হলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে উত্তর কোরীয় নেতার সঙ্গে সম্ভাব্য বৈঠকের ইঙ্গিত দিয়েছেন।
চীনে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা কিম জং উনের সঙ্গেও দেখা করতে পারি, যা ভালো হবে। কিম এই সফরে আসবেন কি না, তা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ওপর নির্ভর করছে।’
ট্রাম্প যখন এ মন্তব্য করছিলেন, ঠিক তখনই উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, কিম তার পরিবার ও দলীয় কর্মকর্তাদের নিয়ে রোববার ও সোমবার চীনের উত্তর সীমান্তের কাছে সামজিয়ন পর্যটন অঞ্চলে ভ্রমণ করেছেন।
সামজিয়ন শহরটি চীন সীমান্তের কাছে এবং প্যাকতু পর্বতের নিকটবর্তী। উত্তর কোরীয়রা এই পর্বতকে কিমের বাবা কিম জং ইলের পবিত্র জন্মস্থান হিসেবে বিবেচনা করে।
কেসিএনএর প্রকাশিত ছবিতে দেখা যায়, স্কি রিসোর্টে চামড়ার চেয়ারে বসে হাসছেন কিম। তার হাতে সিগারেট, চোখে সানগ্লাস। আরেকটি ছবিতে তার ছোট মেয়ে জু আয়েকে স্কি করতে দেখা যায়। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, জু আয়েকে কিমের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে প্রস্তুত করা হচ্ছে।
রিসোর্টের স্কি সেন্টার ও হোটেলসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন কিম। কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, স্থাপনাগুলোকে তিনি ত্রুটিহীন ও অত্যন্ত যত্নসহকারে নির্মিত বলে মন্তব্য করেছেন। বনভূমির মধ্যে গড়ে ওঠা শহরের মতো মনোরম দৃশ্য দেখেও তিনি মুগ্ধ হন।
কিম চীনের সীমান্তবর্তী একটি শহরে ভ্রমণ করলেও এ সফরের সঙ্গে এ সপ্তাহে চীনের শেনজেনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে যোগ দেওয়ার কোনো সম্পর্ক নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সামজিয়ন ও শেনজেনের মধ্যে সরলরেখায় দূরত্ব ২ হাজার ৫০০ কিলোমিটারের বেশি।
কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের জ্যেষ্ঠ গবেষক হং মিন ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে বলেন, ‘কেসিএনএর প্রতিবেদনে যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে কোনো বার্তা নেই এবং কোনো বৈঠকের প্রস্তুতিরও লক্ষণ দেখা যাচ্ছে না। তাই কিমের এই সফরকে এ সপ্তাহে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো বৈঠকের প্রস্তুতি হিসেবে দেখা কঠিন।’
(2)-6182f1.jpg)






