logo
Advertisement

হরমুজ প্রণালি খোলা রাখতে একমত ট্রাম্প ও শি জিনপিং

এশিয়া পোস্ট ডেস্ক
হরমুজ প্রণালি খোলা রাখতে একমত ট্রাম্প ও শি জিনপিং
ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং। ছবি: সংগৃহীত

বিশ্ব রাজনীতি ও অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে একমত হয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। চীনের রাজধানী বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৈঠককে অত্যন্ত ‘ইতিবাচক’ বলে বর্ণনা করেছে হোয়াইট হাউস। সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিংয়ের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

Advertisement

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার পর থেকে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যায়। এই জলপথ দিয়ে বিশ্ববাজারের সিংহভাগ তেল ও জ্বালানি সরবরাহ করা হয়।

বুধবার (১৩ মে) বৈঠকে প্রেসিডেন্ট শি জিনপিং স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চীন এই প্রণালির কোনো প্রকার সামরিকীকরণ বা এটি ব্যবহারের ওপর কোনো ধরনের টোল বা কর আরোপ করার ঘোর বিরোধী। দুই দেশ একমত হয়েছে, বিশ্বের জ্বালানি সরবরাহ সচল রাখতে এই পথটি সচল রাখা জরুরি।

বৈঠকে দুই রাষ্ট্রপ্রধান অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। মার্কিন কোম্পানিগুলোর চীনে বাণিজ্যের সুযোগ বাড়ানো এবং আমেরিকায় চীনা বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে দুই পক্ষই ইতিবাচক মনোভাব দেখিয়েছে।

এদিকে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আমেরিকার সঙ্গে সহযোগিতার তালিকা আরও বড় করতে আগ্রহী। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত সাম্প্রতিক এক বৈঠকে দুই দেশের শীর্ষ কর্মকর্তারা বিষয়টি নিয়ে গঠনমূলক আলোচনা করেছেন।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সফরের বিশেষ গুরুত্ব হিসেবে বৃহস্পতিবার বেইজিংয়ের ‘গ্রেট হল অফ দ্য পিপল’-এ একটি জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করা হয়েছে। স্থানীয় সময় বিকেল ৫টা ৫০ মিনিটে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে এই ভোজে অংশ নেবেন ট্রাম্প। এর আগে ৫টা ৩৫ মিনিট নাগাদ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তার কনভয় সভাস্থলে পৌঁছানোর কথা রয়েছে। নৈশভোজ শেষে রাত ৮টা ২০ মিনিট নাগাদ তিনি সেখান থেকে বিদায় নেবেন বলে জানা গেছে।