পারমাণবিক মহাপ্রলয় ঘটাতে পারে ইরান: ট্রাম্প

পারমাণবিক অস্ত্রে সজ্জিত ইরান মধ্যপ্রাচ্যে ‘পারমাণবিক মহাপ্রলয়’ ঘটাতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরানের হাতে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে, যা ইউরোপে আঘাত হানতে সক্ষম। তবে এসব ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে পৌঁছানোর সক্ষমতা রাখে না।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থ্যাঙ্কসগিভিং উপলক্ষে ফ্লোরিডার মার-এ-লাগোতে নিজের বাসভবন থেকে মার্কিন সামরিক সদস্যদের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় এসব মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ‘তাদের ইউরোপে পৌঁছানোর সক্ষমতা আছে, আমাদের কাছে পৌঁছানোর নয়। তবে ইউরোপে আঘাত হানতে পারে।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা তাদের বুদ্ধি খাটানোর সুযোগ দেওয়ার চেষ্টা করছি। তাদের কোনো সামরিক বাহিনী নেই। আমরা যদি কিছু করতাম, তাহলে অবশ্যই পিক্যাক্স মাউন্টেনে হামলা চালাতাম। তবে সেখানে আমরা উল্লেখযোগ্য কোনো তৎপরতা দেখিনি।’
ট্রাম্পের মতে, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া উচিত নয়। তেহরানকে এ সুযোগ দিলে মধ্যপ্রাচ্যজুড়ে ভয়াবহ পরিণতি তৈরি হতে পারে। এতে ইসরায়েলসহ এ অঞ্চলের অন্যান্য দেশ ঝুঁকির মুখে পড়বে।
ইরানি নেতাদের ‘পাগল’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমি তাদের চিনেছি। সত্যি বলতে, তারা উন্মাদ। তারা পাগল। এ কারণেই আমরা তাদের পারমাণবিক অস্ত্র রাখতে দেব না। আমাদের মধ্যপ্রাচ্যের তেলের প্রয়োজন নেই। তবে আমাদের যা প্রয়োজন, তা হলো মধ্যপ্রাচ্যে শান্তি।’
এ অঞ্চলের দেশগুলো নিজেদের আত্মরক্ষায় সক্ষম না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের সমর্থন দিয়ে যাবে বলেও জানান তিনি।
ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকে ইরান প্রসঙ্গেও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা ইরান নিয়ে আলোচনা করেছি। তিনিও চান না যে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকুক।’
বৈঠকে গ্রিনল্যান্ড নিয়েও আলোচনা হয়েছে বলে জানান ট্রাম্প। তবে তার ভাষ্য, আলোচনার বেশির ভাগ অংশজুড়েই ছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।
এদিকে থ্যাঙ্কসগিভিং উপলক্ষে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে মোতায়েন মার্কিন সামরিক সদস্যদের সঙ্গেও টেলিফোনে কথা বলেছেন। তারা সেনাসদস্যদের দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান এবং তাদের নিরাপত্তা কামনা করেন।
আমিরাতের আল ধাফরা বিমানঘাঁটিতে মোতায়েন অ্যাটাক স্কোয়াড্রন ৩১২-এর সদস্যদের উদ্দেশে তারা বলেন, ‘মধ্যপ্রাচ্যে দায়িত্ব পালনের সময় জেনে রাখুন, লাখো আমেরিকান আপনাদের নিরাপত্তা ও অব্যাহত সাফল্যের জন্য প্রার্থনা করছেন।’
সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে মার্কিন বিমানবাহিনীর ৫১০তম মিশন জেনারেশন ফোর্স এলিমেন্টের সদস্যদের সঙ্গেও কথা বলেন তারা। তাদের নিরাপত্তা ও সাফল্য কামনা করেন ট্রাম্প ও মেলানিয়া।
এ ছাড়া মার্কিন সেনাবাহিনীর সপ্তম বিমান প্রতিরক্ষা আর্টিলারি রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়নের সদস্যদের উদ্দেশেও বক্তব্য দেন ট্রাম্প। তিনি বলেন, ‘আপনাদের সর্বাধিনায়ক হিসেবে আমি গর্বের সঙ্গে বলতে চাই, চমৎকার কাজ হয়েছে! আপনারা যে কাজ করেন, তা অবিশ্বাস্য।’
সূত্র: আলজাজিরা, গালফ নিউজ


