logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

৫০ জাহাজে সাইবার হামলা, ইরানের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র

৫০ জাহাজে সাইবার হামলা, ইরানের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র
ইরানের বন্দর আব্বাসের নিকটবর্তী হরমুজ প্রণালিতে চলাচলরত বাণিজ্যিক জাহাজসমূহ। ছবি: আনাদোলু

তেল, গ্যাস ও রাসায়নিক পণ্যবাহী প্রায় ৫০টি জাহাজে সাইবার হামলার ঘটনায় ইরানের সম্ভাব্য সংশ্লিষ্টতা তদন্ত করছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে এসব হামলার পেছনে রাশিয়ার কোনো ভূমিকা রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন মার্কিন কর্মকর্তারা। সোমবার (২৩ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিষয়ে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এসব সাইবার হামলার ঘটনায় আন্তর্জাতিক সমুদ্রপথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। হামলার শিকার কয়েকটি জাহাজে বোমা রাখার দাবি করে সতর্কবার্তা পাঠানো হয়েছে। এসব বার্তায় জাহাজে বিস্ফোরণ ঘটানোর হুমকিও দেওয়া হয়।

Advertisement

সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, আক্রান্ত জাহাজগুলোর মধ্যে দুটি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দিকে যাচ্ছিল। এ ছাড়া কয়েকটি জাহাজে ফারসি ভাষায় হুমকিমূলক বার্তা পাঠানো হয়। এসব বার্তায় মার্কিন পণ্য বোঝাই না করার জন্য সতর্ক করা হয়েছিল।

শুধু যুক্তরাষ্ট্রের আশপাশের জলসীমায় নয়, ইউরোপ ও এশিয়ার উপকূলবর্তী সমুদ্রপথে চলাচলকারী জাহাজও এসব সাইবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে জানা গেছে।

এ পরিস্থিতিতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের দিকে আসা জাহাজগুলোর সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষায়িত নিরাপত্তা দল মোতায়েন করেছে ওয়াশিংটন। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, এসব হামলার সঙ্গে রাশিয়ার কোনো ধরনের সম্পৃক্ততা রয়েছে কি না, তা নিয়েও তদন্ত চালাচ্ছে মার্কিন কর্তৃপক্ষ।

তবে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, তেলবাহী ট্যাংকারগুলোতে সাইবার হামলার ঘটনায় এখন পর্যন্ত ইরানের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পায়নি যুক্তরাষ্ট্র।

ফলে প্রায় ৫০টি জাহাজে হামলার ঘটনায় ইরান ও রাশিয়ার সম্ভাব্য ভূমিকা নিয়ে তদন্ত চললেও এখন পর্যন্ত কোনো দেশের সম্পৃক্ততা নিশ্চিত করতে পারেনি মার্কিন কর্তৃপক্ষ।

সোহানুর রহমান

সম্পাদনা

সোহানুর রহমান

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট