logo

নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটকে মজেছেন ভারতীয় দর্শকরা

নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটকে মজেছেন ভারতীয় দর্শকরা
পাকিস্তানের ধারাবাহিক নাটক ‘দার-এ-নিজাত’। ছবি: প্ল্যাক্স

নিষেধাজ্ঞা দিয়েও পাকিস্তানি নাটকের প্রতি ভারতীয় দর্শকদের আগ্রহ দমাতে পারছে না দেশটির কর্তৃপক্ষ। সরকারের কড়াকড়ির মধ্যেও প্রতিবেশী দেশের প্রেমের ধারাবাহিক নাটক ‘দার-এ-নিজাত’ নিয়ে ভারতজুড়ে উন্মাদনা কমেনি। দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে নাটকটির দুটি প্রদর্শনীর আয়োজন কর্তৃপক্ষের বাধায় বাতিল করা হয়। তবে এত কঠোর পদক্ষেপের পরও নাটকটির প্রতি দর্শকদের আকর্ষণ কমেনি।

নাটকটির ভক্তদের বিভিন্ন পেজ ও মন্তব্যের ঘরে বারবার দেখা যাচ্ছে একটি বাক্য। এটি এখন নাটকটি ঘিরে উন্মাদনার প্রতীকে পরিণত হয়েছে। বাক্যটি হলো, ‘সবর কা ফল নেহি, আবু বকর চাহিয়ে’ (আমরা ধৈর্যের ফল চাই না, আবু বকরকে চাই)। পরিচিত একটি উর্দু প্রবাদকে মজার ছলে বদলে তৈরি করা হয়েছে বাক্যটি। একই সঙ্গে এটি পাকিস্তানি নাটকের কাল্পনিক পুরুষ চরিত্র আবু বকরের প্রতি ভারতীয় দর্শকদের ভালোবাসার প্রকাশ।

Advertisement

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের তীব্র সংঘাত হয়। এরপর জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারায় ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে পাকিস্তানি গান, সিনেমা ও নাটক নিষিদ্ধ করে ভারত। এমনকি নেটফ্লিক্সে পাকিস্তানের প্রথম অনুষ্ঠানটিও ভারতে বন্ধের দাবি জানানো হয়

তবে দর্শকেরা ভিপিএন ব্যবহার করে এসব কনটেন্ট দেখছেন।

পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান টপটেনভিপিএনের তথ্যমতে, ২০২৫ সালের ৮ মে কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার দিন ভারতে ভিপিএন অনুসন্ধানের হার ৭২ শতাংশ বেড়ে যায়।

এআরওয়াই এন্টারটেইনমেন্টের প্রধান জারজিস সেজা বলেন, ‘পাকিস্তানি চ্যানেলগুলোর মোট দর্শকের ৩০ থেকে ৩৫ শতাংশই ভারতীয়। বর্তমান যুগে আপনি কনটেন্ট দেখার সুযোগ কঠিন করে তুলতে পারেন, কিন্তু তা বন্ধ করতে পারবেন না।’

জারজিস সেজার মতে, তাদের নাটকগুলো ‘বাস্তবসম্মত, বাস্তবতার সঙ্গে যুক্ত, চিন্তার খোরাক জোগায় এবং দর্শকেরা নিজেদের জীবনের সঙ্গে মেলাতে পারেন’।

এ ছাড়া আবু সুফিয়ান খানের মতে, বলিউডের প্রচলিত ছাঁচের বাইরে গিয়ে ‘দার-এ-নিজাত’ নাটকে ইসলামকে ব্যতিক্রমীভাবে তুলে ধরা হয়েছে। এতে ইসলামকে এমন এক সতেজ, বিচার করার প্রবণতামুক্ত ও অন্তর্ভুক্তিমূলক রূপে দেখানো হয়েছে, যেখানে সব ধর্মীয় আচার বিনয়ের সঙ্গে পালন করা হয়।

দিল্লির নীতিবিশ্লেষক ঐশ্বরিয়া ভার্মার মতে, প্রযুক্তির কল্যাণে সংস্কৃতি সবার জন্য উন্মুক্ত হওয়ায় দুই দেশের মানুষের মধ্যকার প্রচলিত ধারণাগুলো ভাঙছে। তিনি বলেন, ‘আগে সীমান্তের ওপারে থাকা আমাদের ভাই-বোনদের সম্পর্কে আমরা খুব বেশি জানতাম না। তারাও আমাদের সম্পর্কে খুব বেশি জানতেন না।’

এর আগে ‘তেরে বিন’ (২০২২), ‘কাভি ম্যায় কাভি তুম’ (২০২৪) এবং পরিচালক মেহরিন জব্বারের নাটকগুলোও ভারতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। দুই দেশের সাংস্কৃতিক মিল এবং নাটক নির্মাণের মানোন্নয়নকে এই জনপ্রিয়তার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

সৈয়দ মুহাম্মদ আজম

সম্পাদনা

সৈয়দ মুহাম্মদ আজম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট