যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কখন, কোথায় ও কীভাবে ভোট

যুক্তরাষ্ট্রজুড়ে ২৩ কোটির বেশি যোগ্য ভোটার মঙ্গলবার ভোটকেন্দ্রে গিয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবেন, কংগ্রেসে তাদের প্রতিনিধিত্ব করবেন কারা। মার্কিন প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সব কটিতে এবং সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে নির্বাচন হচ্ছে।
এ ছাড়া ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন করবেন ভোটাররা। বর্তমানে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে।
মঙ্গলবারের (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘিরে যেসব বিষয় জানা জরুরি, সেগুলো নিচে তুলে ধরা হলো।
অ্যামেরিকানরা কেন ভোট দিচ্ছেন?
মার্কিন ফেডারেল সরকারে আইন প্রণয়ন, বিলে ভোটদান ও প্রেসিডেন্টের বিভিন্ন মনোনয়ন অনুমোদনের মাধ্যমে নিজেদের প্রতিনিধিত্ব করার জন্য ভোটাররা ৩৫ জন সিনেটরকে (১০০ সদস্যবিশিষ্ট সিনেটের মধ্য থেকে) নির্বাচিত করবেন।
সিনেটররা ছয় বছর মেয়াদের জন্য দায়িত্ব পালন করেন।
আইন তৈরি, সরকারের ব্যয় নিয়ন্ত্রণ এবং স্থানীয় নির্বাচনি এলাকার প্রতিনিধিত্ব করতে ৫০টি অঙ্গরাজ্যের ভোটাররা প্রতিনিধি পরিষদের ৪৩৫ জন সদস্যকে নির্বাচন করবেন। তারা দুই বছর মেয়াদের জন্য দায়িত্ব পালন করেন।
যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অংশে ভোটাররা গভর্নরদেরও বেছে নেবেন, যারা অঙ্গরাজ্যগুলোর রাজ্য-স্তরের রাজনীতিবিদ এবং রাজ্যের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন।
মূল ইস্যুসমূহ
বহু ভোটারের কাছে এবার অর্থনীতিই প্রধান ইস্যু, যারা জ্বালানি, খাদ্যপণ্য, আবাসন এবং স্বাস্থ্যসেবার উচ্চ মূল্যের কারণে ভোগান্তিতে রয়েছেন।
মুদ্রাস্ফীতি দেশটির ফেডারেল রিজার্ভের নির্ধারিত লক্ষ্যের ওপরে রয়েছে, যার একটি কারণ হলো ইরানের বিরুদ্ধে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের শুরু করা যুদ্ধ।
ভোটাররা অভিবাসন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ইস্যু নিয়েও আগ্রহী।
ভোটকেন্দ্র কখন খুলবে?
ভোটগ্রহণের সময় নির্ধারণ করে প্রতিটি অঙ্গরাজ্য। ভারমন্টে প্রথম ভোটকেন্দ্রগুলো স্থানীয় সময় ভোর ৫টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) খোলার কথা রয়েছে। নিউজার্সি, ভার্জিনিয়া, কানেকটিকাট ও কেন্টাকিতে ভোটগ্রহণ শুরু হবে সকাল ৬টায় (বাংলাদেশ সময় দুপুর ১টা)।
জর্জিয়া, ফ্লোরিডা, পেনসিলভানিয়া ও নিউইয়র্কে সকাল ৬টা থেকে ৭টার (বাংলাদেশ সময় বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা) মধ্যে ভোটগ্রহণ শুরু হবে। অন্যদিকে ওহাইও ও নর্থ ক্যারোলাইনায় ভোট শুরু হবে সকাল ৬টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টা)। মিশিগানে সকাল ৭টায় (বাংলাদেশ সময় সকাল ৬টা) ভোটকেন্দ্র খুলবে।
ভোটগ্রহণ কখন শেষ হবে?
যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন সময়ে ভোটগ্রহণ শেষ হবে। ইন্ডিয়ানা ও কেন্টাকিতে সবচেয়ে আগে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা। মিশিগানে রাত ৮টায় এবং কানসাসে সন্ধ্যা ৭টায় ভোটগ্রহণ শেষ হবে। উভয় ক্ষেত্রেই সময়টি বুধবার বাংলাদেশ সময় তখন সন্ধ্যা ৭টা।
আইওয়ায় ভোটকেন্দ্র বন্ধ হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। সবশেষে আলাস্কায় বুধবার পূর্বাঞ্চলীয় সময় রাত প্রায় ১টায় (জিএমটি ৬টা) ভোটগ্রহণ শেষ হবে।
ফলাফল কখন জানা যাবে?
মঙ্গলবার বিভিন্ন অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই প্রাথমিক ফলাফল আসতে শুরু করতে পারে। এদিন সন্ধ্যা থেকে বুধবার পর্যন্ত ফলাফল প্রকাশ অব্যাহত থাকবে। কারণ, কয়েকটি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ হতে সময় লাগবে। এরপর কর্মকর্তারা ভোট গণনার ফল প্রকাশ করবেন।
তবে প্রাথমিক ফল প্রকাশের অর্থ এই নয় যে বিজয়ী নির্ধারিত হয়ে গেছে।
নির্বাচন কর্মকর্তারা ব্যালট গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভোটের সংখ্যা প্রকাশ করেন। অন্যদিকে অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) মতো সংবাদ সংস্থাগুলো ফলাফল বিশ্লেষণ করে কোনো আসনে বিজয়ী ঘোষণা করার বিষয়ে সিদ্ধান্ত নেয়।
প্রতিদ্বন্দ্বিতা তীব্র হলে ফলাফল ঘোষণা করতে কয়েক ঘণ্টা, এমনকি কয়েক দিনও লেগে যেতে পারে। কোন দল কংগ্রেসের নিয়ন্ত্রণ পাবে, তা-ও তাৎক্ষণিকভাবে স্পষ্ট নাও হতে পারে।
মধ্যবর্তী নির্বাচনে ভোট দেওয়ার পদ্ধতি কী?
ভোটাররা ডাকযোগে, আগাম অথবা নির্বাচনের দিন অর্থাৎ মঙ্গলবার সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন।
নির্বাচনের দিন শেষ হওয়ার পরও ডাকযোগে পাঠানো, সাময়িক এবং অন্যান্য কিছু ব্যালট গণনা করা হয়। এ কারণে ভোট গণনা চূড়ান্ত করতে কয়েক দিন, এমনকি কয়েক সপ্তাহও লেগে যেতে পারে।
যেসব আসনের দিকে নজর থাকবে
সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে ডেমোক্র্যাটদের চারটি আসন বেশি পেতে হবে। অন্যদিকে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেতে দলটির প্রয়োজন তিনটি আসন।
দুই দলের লড়াইয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ আসনের দিকে নজর থাকবে।
মিশিগান: ডেমোক্র্যাট আবদুল এল-সায়েদ ও রিপাবলিকান মাইক রজার্সের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। রোববার ডেমোক্র্যাট প্রতিনিধি হ্যালি স্টিভেন্স রজার্সকে সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছেন।
ফ্লোরিডা: ডেমোক্র্যাট অ্যাঞ্জি নিক্সন রিপাবলিকান সিনেটর অ্যাশলি মুডিকে চ্যালেঞ্জ জানাচ্ছেন।
জর্জিয়া: ডেমোক্র্যাট সিনেটর জন অসফের মুখোমুখি হবেন রিপাবলিকান মাইক কলিন্স।
মেইন: রিপাবলিকান সিনেটর সুজান কলিন্সের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট ট্রয় জ্যাকসন।
নিউ হ্যাম্পশায়ার: ডেমোক্র্যাট প্রতিনিধি ক্রিস পাপাসের প্রতিদ্বন্দ্বী সাবেক সিনেটর ও রিপাবলিকান জন সুনুনু।
নর্থ ক্যারোলাইনা: ডেমোক্র্যাট রয় কুপার ও রিপাবলিকান মাইকেল হোয়াটলি প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সূত্র: আলজাজিরা, বিবিসি।





