যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবে সহিংসতায় নিহত ২৪, আহত ৯৪

যুক্তরাষ্ট্রজুড়ে হ্যালোইন উৎসবকে কেন্দ্র করে ব্যাপক বন্দুক সহিংসতা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে এসব ঘটনায় অন্তত ২৪ জন নিহত এবং আরও ৯৪ জন আহত হয়েছেন। ক্যালিফোর্নিয়া থেকে ডেলাওয়্যার পর্যন্ত নৈশক্লাব, পোশাকের দোকান, স্টেডিয়াম ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশে এসব হামলার ঘটনা ঘটে।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন পুলিশ বিভাগের বিবৃতি, এনবিসি এবং বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্যের ভিত্তিতে হতাহতদের এই সংখ্যা পাওয়া গেছে।
সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর একটি ঘটেছে টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরের ডিপ এলাম এলাকায়। স্থানীয় সময় রোববার (১ নভেম্বর) ভোরে সেখানে পৃথক তিনটি গুলিবর্ষণের ঘটনায় চারজন নিহত এবং ১৫ জন আহত হন।
ডালাসের ডিপ এলাম এলাকাটি বার, রেস্তোরাঁ, নাইটক্লাব ও সংগীত আয়োজনের জন্য পরিচিত। হ্যালোইন উপলক্ষে শনিবার রাতেও সেখানে বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়েছিল।
ডালাস পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, প্রথম গুলির ঘটনা ঘটে এলম স্ট্রিটের ২৬০০ ব্লকে রাত ১২টা ২০ মিনিটে। দ্বিতীয়টি রাত ১টা ৫ মিনিটে মেইন স্ট্রিটের ২৬০০ ব্লকে এবং তৃতীয়টি রাত ১টা ৩৫ মিনিটে সাউথ ক্রাউডাস স্ট্রিটের ২০০ ব্লকে ঘটে। তিনটি ঘটনায় মোট ১৯ জন গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়।
ডালাস পুলিশপ্রধান ড্যানিয়েল কোমো জানান, হ্যালোইন উপলক্ষে আগে থেকেই বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল। ফলে গুলির খবর পাওয়ার পর আশপাশে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পেরেছিলেন। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।
এদিকে ফ্লোরিডার জ্যাকসনভিলেও দুটি পৃথক গুলির ঘটনায় অন্তত ১৩ জন গুলিবিদ্ধ হন। এসব ঘটনায় দুজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে দুজন অনিচ্ছাকৃতভাবে গুলির শিকার হয়েছেন।
জ্যাকসনভিলের একটি এলাকায় রোববার রাত ৩টা ৪৫ মিনিটের দিকে শতাধিক মানুষের অংশগ্রহণে চলা একটি পার্টি রাস্তায় ছড়িয়ে পড়লে গুলিবর্ষণ শুরু হয়। এতে ১০ জন গুলিবিদ্ধ হন। নিহতদের একজনের বয়স ২০ বছর। আহত ১৫ বছর বয়সী এক কিশোরীর অবস্থা স্থিতিশীল থাকলেও অন্য একজনের অবস্থা আশঙ্কাজনক।
মিসিসিপি অঙ্গরাজ্যের জ্যাকসনের একটি নৈশক্লাবেও গুলির ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত এবং চারজন আহত হয়েছেন।
অন্যদিকে উত্তর ক্যালিফোর্নিয়ার একটি পোশাকের দোকানে বন্দুকধারীর হামলায় চার সন্তানের জননী এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। তাদের মধ্যে দুই কিশোরের অবস্থা আশঙ্কাজনক।
ওকলাহোমা সিটিতে একটি ট্রেলার পার্কে হ্যালোইন পার্টি চলাকালে গোলযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে একজনের পায়ে একাধিক গুলি লাগে। তবে তিনি বেঁচে যাবেন বলে ধারণা করছে পুলিশ। একই এলাকায় গাড়ির ধাক্কায় দুজন নিহত হওয়ার ঘটনাও ঘটেছে। যদিও কীভাবে ওই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো পরিষ্কার নয়।
এ ছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশেও একাধিক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দুই ডজনের বেশি মানুষ গুলিবিদ্ধ হয়েছেন।
আলাবামার বার্মিংহামে লেজিয়ন ফিল্ড স্টেডিয়ামের বাইরে গুলিতে একজন নিহত এবং আটজন আহত হন। এর আগে স্টেডিয়ামে অ্যালাবামা এঅ্যান্ডএম ও অ্যালাবামা স্টেটের মধ্যকার ‘ম্যাজিক সিটি ক্লাসিক’ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।
ইলিনয় অঙ্গরাজ্যের ব্লুমিংটনে ইলিনয় ওয়েসলিয়ান ইউনিভার্সিটির ক্যাম্পাসের কাছে গুলিবিদ্ধ আটজনকে উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলেই ১৯ বছর বয়সী এক তরুণীকে মৃত ঘোষণা করা হয়। আহত সাতজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
একইভাবে ইন্ডিয়ানার ব্লুমিংটনে ইন্ডিয়ানা ইউনিভার্সিটির ক্যাম্পাসের কাছেও গুলির শব্দ শুনতে পায় পুলিশ। ওই এলাকায় হ্যালোইনের পাশাপাশি হোমকামিং উৎসব চলছিল। পরে ঘটনাস্থল থেকে সাতজনকে হাসপাতালে নেওয়া হয়। আগ্নেয়াস্ত্র হাতে পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করেছে পুলিশ। তবে ওই ব্যক্তি গুলি চালিয়েছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
ডেলাওয়্যার অঙ্গরাজ্যের নিউয়ার্ক শহরে ইউনিভার্সিটি অব ডেলাওয়্যারের কাছাকাছি গুলিতে ছয়জন আহত হয়েছেন। আরকানসাসের ফায়েটভিলেও পৃথক গুলিবর্ষণের ঘটনায় ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, একটি বিরোধের জের ধরে সেখানে গুলির ঘটনা ঘটে।
বিশেষজ্ঞদের মতে, হ্যালোইনের মতো বড় উৎসবে বিপুল মানুষের সমাগম, মদ্যপান ও মাদক গ্রহণের প্রবণতার সঙ্গে যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা মিলিয়ে সহিংসতার ঝুঁকি বাড়তে পারে। তবে এ ধরনের হামলা প্রতিরোধ করা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ব্যুরো অব জাস্টিস স্ট্যাটিস্টিকসের সাবেক পরিচালক এবং ইউনিভার্সিটি অব মায়ামির অপরাধবিজ্ঞানী অ্যালেক্সিস পিকেরো বলেন, পুলিশের পক্ষে প্রতিটি বার কিংবা গাড়ি পার্কিংয়ের স্থানে সার্বক্ষণিক উপস্থিত থাকা সম্ভব নয়। ফলে উৎসবকেন্দ্রিক জনসমাগমে বন্দুক সহিংসতা ঠেকানো কঠিন হয়ে পড়ে।

