মেক্সিকোয় মাদক সম্রাটকে ধরতে সামরিক অভিযান, সেনাসহ নিহত ১১

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া অঙ্গরাজ্যে কুখ্যাত মাদক সম্রাট ফাউস্তো ইসিদ্রো মেসা ফ্লোরেসকে গ্রেপ্তারে সামরিক অভিযানে অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন মেক্সিকান সেনাসদস্য এবং সাতজন সন্দেহভাজন মাদকচক্রের বন্দুকধারী রয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) রাতভর সংঘর্ষের পর মাদক সম্রাটকে গ্রেপ্তার করে মেক্সিকো সিটিতে নেওয়া হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযানে হতাহতের বিষয়টি নিশ্চিত করে। দেশটির গুয়াসাভে শহরে পরিচালিত এ অভিযানকে কেন্দ্র করে কয়েক ঘণ্টা ধরে গোলাগুলি, সড়ক অবরোধ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
কুখ্যাত এই মাদক সম্রাট ‘এল চ্যাপো ইসিদ্রো’ নামে পরিচিত। শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয় এবং শনিবার রাজধানী মেক্সিকো সিটিতে স্থানান্তর করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযানে মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মাদকচক্রের প্রধান এবং তার দুই ঘনিষ্ঠ সহযোগী রয়েছেন। সহযোগীদের একজন জার্মান ‘এন’, যিনি ‘সেরাফিন’ নামে পরিচিত এবং সংগঠনটির সম্ভাব্য দ্বিতীয় শীর্ষ নেতা। অন্যজন হোসে ‘এন’, যিনি সংগঠনটির অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এই দুই সহযোগীকেও মেসা ফ্লোরেসের সঙ্গে মেক্সিকো সিটিতে নেওয়া হয়েছে। বাকি পাঁচজনকে সিনালোয়ার রাজধানী কুলিয়াকানের ফেডারেল হেফাজতে রাখা হয়েছে।
এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন
মেসা ফ্লোরেস যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের ১০ শীর্ষ পলাতক অপরাধীর তালিকায় ছিলেন। একসময় তিনি বেলত্রান লেইভা মাদকচক্রের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পরিচিতি পান। পরে নিজেই মেসা-ফ্লোরেস নামে একটি আন্তর্জাতিক অপরাধী সংগঠনের নেতৃত্ব প্রতিষ্ঠা করেন।
তিনি সিনালোয়া মাদকচক্রের ‘লস মায়োস’ উপদলের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবেও পরিচিত ছিলেন। ২০২৫ সালে যুক্তরাষ্ট্র এই উপদলকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে।
মাদক পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল। তাকে গ্রেপ্তারে সহায়ক তথ্যের জন্য ৫০ লাখ ডলার পুরস্কারও ঘোষণা করেছিল মার্কিন কর্তৃপক্ষ।
স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গুয়াসাভে শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্দেহভাজন মাদকচক্রের সদস্যদের গোলাগুলি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সামরিক হেলিকপ্টার ও ড্রোন মোতায়েন করা হয়। শহরের বিভিন্ন স্থানে হেলিকপ্টার থেকে গুলি চালানোর খবরও পাওয়া গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি বেসবল খেলা চলাকালে গোলাগুলির মধ্যে সাধারণ মানুষ প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছেন। এ ছাড়া বিভিন্ন যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন জ্বলতে দেখা যায়। আকাশ থেকে হেলিকপ্টারকে গুলি চালাতেও দেখা গেছে।
একজন ফেডারেল কর্মকর্তার বরাতে জানা গেছে, সংঘর্ষের তীব্রতার কারণে মেক্সিকান সেনাবাহিনী ও ন্যাশনাল গার্ডের বিশেষ বাহিনী ভোর প্রায় ৪টার আগে মেসা ফ্লোরেসকে নিরাপদে সরিয়ে নিতে পারেনি। পরিচয় প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা অভিযানের বিষয়ে তথ্য দিয়েছেন।
সংঘর্ষের পর গুয়াসাভে শহরে পরিস্থিতি তুলনামূলক শান্ত হয়েছে। তবে নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা, মাদকচক্রের এই নেতার গ্রেপ্তার সিনালোয়া অঙ্গরাজ্যে নতুন করে সহিংসতা উসকে দিতে পারে। সেখানে প্রতিদ্বন্দ্বী মাদকচক্রের বিভিন্ন উপদলের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষমতার লড়াই চলছে।






