ইয়েমেনে সংঘর্ষ তীব্র, সেনা অভিযানে ২৭ হুতি সদস্য নিহতের দাবি

ইয়েমেনে সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ আরও তীব্র হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে সেনাবাহিনীর এক অভিযানে হুতি গোষ্ঠীর ২৭ সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনের সেনাবাহিনী। এ ছাড়া বিভিন্ন এলাকায় বিমান, ড্রোন, কামান ও রকেট হামলায় হুতিদের সামরিক স্থাপনা ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সেনাবাহিনীর ৩৫তম আর্মার্ড ব্রিগেড জানায়, তাইজ প্রদেশের আল-মিসরাখ জেলায় হুতিদের অবস্থান লক্ষ্য করে অভিযান চালানো হয়। এতে সেনাবাহিনীর সঙ্গে অংশ নেয় পপুলার রেজিস্ট্যান্স বাহিনী। অভিযানে হুতি গোষ্ঠীর ২৭ সদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে গোষ্ঠীটির প্রতিরক্ষাব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তাইজের ইয়ানান গ্রামে হুতিদের গোলাবর্ষণে এক কিশোরী নিহত হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা। অন্যদিকে মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশে বিস্ফোরকবাহী একটি হুতি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী।
সামরিক বাহিনীর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশের আল-হাজম এলাকার দক্ষিণ-পূর্বে হুতিদের অবস্থান লক্ষ্য করে সেনাবাহিনীর ড্রোন হামলাও চালানো হয়েছে।
কয়েক ঘণ্টায় ৬৯৭ হামলার দাবি
এদিকে ইয়েমেনের সেনাবাহিনী জানিয়েছে, সাম্প্রতিক সময়ে হুতিদের অবস্থান, সামরিক সমাবেশ, যানবাহন ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে ৬৯৭টি হামলা চালানো হয়েছে। এসব অভিযানে হুতি গোষ্ঠীর ৯৭ সদস্যকে ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে বলে দাবি করেছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি।
প্রতিরক্ষা মন্ত্রণালয়সংশ্লিষ্ট সংবাদমাধ্যম সেপ্টেম্বর নেটে প্রকাশিত বিবৃতিতে তিনি জানান, ‘অপারেশন ডন অব ইয়েমেন’-এর আওতায় সেনাবাহিনী ও পপুলার রেজিস্ট্যান্স বাহিনী যৌথভাবে এসব অভিযান পরিচালনা করেছে।
অভিযানের মধ্যে ছিল ১৭টি বিমান হামলা, ৬২০টি কামান হামলা, ৩২টি ড্রোন হামলা এবং রকেট লঞ্চারের মাধ্যমে ২৮টি হামলা। এসব অভিযানে হুতিদের ৭৬টি যানবাহন ও অন্যান্য সামরিক সরঞ্জাম ধ্বংস অথবা অকার্যকর করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।
তবে ৯৭ জনের মধ্যে কতজন নিহত এবং কতজন আহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানাননি সেনাবাহিনীর মুখপাত্র। হুতি গোষ্ঠীও এসব দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
সৌদি আরবে ড্রোন হামলা প্রতিহতের দাবি
এদিকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, বুধবার ভোরে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আকাশে দুটি ড্রোন শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।
জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানান। তবে ড্রোন দুটি কোথা থেকে এসেছিল কিংবা হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
এর আগে মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি ভবনের ওপর ড্রোন হামলার ঘটনা ঘটে। সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন।
হামলার জন্য ইয়েমেনের হুতি গোষ্ঠীকে দায়ী করেছেন আল-মালিকি। তিনি এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন। সৌদি কর্তৃপক্ষের দাবি, গত কয়েক দিনে ওই এলাকায় এটি দ্বিতীয় হামলা। এর আগে বৃহস্পতিবার একই এলাকার একটি ভবন ও আশপাশের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল।
হোদেইদা বন্দর ছাড়ার নির্দেশ
অন্যদিকে ইয়েমেনের গুরুত্বপূর্ণ হোদেইদা বন্দরের আশপাশের এলাকা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।
বুধবার ভোরে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি সতর্কবার্তা প্রকাশ করেন। এতে যৌথ বাহিনীর পক্ষ থেকে একটি মানচিত্রের মাধ্যমে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা লাল রঙে চিহ্নিত করা হয়।
রিয়াদে ড্রোন হামলার পর এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে হোদেইদা বন্দরে সম্ভাব্য কোনো সামরিক অভিযানের বিষয়ে জোট বিস্তারিত কিছু জানায়নি।
দীর্ঘদিনের সংঘাতে বিপর্যস্ত ইয়েমেন
২০১৪ সালে হুতি বিদ্রোহীরা রাজধানী সানা ও দেশের বিস্তীর্ণ এলাকা দখলে নেওয়ার পর থেকে ইয়েমেনে সংঘাত চলছে। ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে সৌদি আরবের নেতৃত্বে একটি সামরিক জোট দেশটিতে হস্তক্ষেপ করে। এরপর থেকে দীর্ঘস্থায়ী সংঘাত ও রাজনৈতিক অস্থিরতায় বিপর্যস্ত হয়ে পড়ে দেশটি।
২০২২ সালে একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও পরবর্তী সময়ে বিভিন্ন পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকে। সাম্প্রতিক মাসগুলোতে সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে নতুন করে সংঘর্ষ বেড়েছে।
এ সংঘাতের পাশাপাশি সৌদি আরব ও হুতিদের মধ্যকার পাল্টাপাল্টি হামলা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষ করে সৌদি আরবের বিমানবন্দর, জ্বালানি স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলার অভিযোগ নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
তথ্যসূত্র: এএফপি, আল-অ্যারাবিয়া



