logo

দিল্লিতে বন্ধ ক্যাফের তালা খুলে মধ্যরাতে পার্টি, তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

দিল্লিতে বন্ধ ক্যাফের তালা খুলে মধ্যরাতে পার্টি, তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
ভারতের রাজধানী প্রীত বিহার থানা। ছবি: এএনআই

ভারতের রাজধানী দিল্লিতে বন্ধ হয়ে যাওয়া একটি ক্যাফের তালা খুলে ভেতরে পার্টি করার পর ২২ বছর বয়সী এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (২৩ নভেম্বর) রাত থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরের মধ্যে পূর্ব দিল্লির প্রীত বিহার এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ এবং পলাতক বাকি তিন অভিযুক্তকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী এবং অভিযুক্তরা সবাই কারকারডুমার ক্রস রিভার মলের ‘ক্যাফে ৮’ নামের একটি প্রতিষ্ঠানে সহকর্মী হিসেবে কাজ করতেন। সোমবার রাতে ভুক্তভোগী তরুণীসহ আটজনের একটি দল পার্টির উদ্দেশ্যে প্রীত বিহারের ‘সালতানাত ক্যাফে’তে যান। ক্যাফেটি নির্ধারিত সময় অনুযায়ী রাত সাড়ে ১১টায় বন্ধ হয়ে গিয়েছিল। তবে ওই দলের একজনের কাছে ক্যাফেটির চাবি থাকায় তারা তালা খুলে ভেতরে প্রবেশ করেন এবং পার্টি শুরু করেন।

অভিযুক্তরা ভোর সাড়ে ৩টা পর্যন্ত ক্যাফের ভেতরে অবস্থান করে মদ্যপান করেন। মঙ্গলবার ভোরে ক্যাফে থেকে বের হয়ে আসার পরপরই দলের দুই পুরুষ সহকর্মী ওই তরুণীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন এবং সেখানে উপস্থিত অন্য পুরুষ ও নারী সহকর্মীরা এ কাজে তাদের সহায়তা করেন বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী তরুণী মঙ্গলবার ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ সংঘবদ্ধ ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পলাতক অপর তিন অভিযুক্তকে গ্রেপ্তারে বিশেষ দল গঠন করে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

তথ্যসূত্র: এএনআই

সোহানুর রহমান

সম্পাদনা

সোহানুর রহমান

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট