অবতরণের মুহূর্তে ভূমিকম্প, রানওয়ের কাছে গিয়েও নামতে পারল না মার্কিন বিমান

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্পের সময় লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল ডেল্টা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। ঠিক সেই মুহূর্তে ভূমিকম্পের তীব্র ঝাঁকুনি অনুভূত হওয়ায় এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে পাইলটকে অবতরণ বাতিল করে আবার আকাশে উঠে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা মেনে প্লেনটি পুনরায় আকাশে উঠে যায়।
শনিবার (২৯ নভেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল লস অ্যাঞ্জেলেস কাউন্টির উপকূলীয় শহর ম্যানহাটন বিচ থেকে প্রায় ছয় মাইল দূরে।
এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিও রেকর্ডিং ও বিমানবন্দরের নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়ে ঘটনাটি। ভিডিওতে দেখা যায়, ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইট ১৯৭২ রানওয়েতে অবতরণের প্রস্তুতি নিচ্ছে। এ সময় নিয়ন্ত্রণকক্ষ থেকে পাইলটকে বলা হয়, ‘ডেল্টা ১৯৭২, অন্যদিকে যান, অন্যদিকে যান। এখানে বড় ধরনের ভূমিকম্প হচ্ছে।’
জরুরি নির্দেশনা পেয়ে পাইলট অবতরণের চেষ্টা বাতিল করে প্লেনটি আবার আকাশে তুলে নেন। বিমান চলাচলের ভাষায় এ ধরনের প্রক্রিয়াকে ‘গো অ্যারাউন্ড’ বলা হয়।
ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। এ ছাড়া ছাদের কিছু টাইলসও খুলে পড়ে। এতে বিমানবন্দরে থাকা যাত্রী ও কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে ভূমিকম্পের কারণে ফ্লাইট পরিচালনায় বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস। এ ঘটনায় কেউ আহত হওয়ার খবরও পাওয়া যায়নি।
এদিকে মূল ভূমিকম্পের পর ওই এলাকায় ৪০টির বেশি পরাঘাত অনুভূত হয়েছে। বিশেষজ্ঞরা আগামী কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত আরও পরাঘাতের আশঙ্কা করছেন।



