শরণার্থীদের জন্য জোরালো সমর্থনের আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব

বিশ্ব শরণার্থী দিবসে শরণার্থী এবং তাদের আশ্রয়দানকারী দেশ ও সম্প্রদায়ের জন্য জোরালো সমর্থনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
শনিবার (২০ জুন) বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে এই আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।
তিনি বলেন, বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে আজ যারা যুদ্ধ, সহিংসতা বা নির্যাতনের শিকার হয়ে নিজেদের মাতৃভূমি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, তাদের সবার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে শরণার্থীদের আশ্রয়দানকারী দেশ ও স্থানীয় সম্প্রদায়গুলোর প্রতি সংহতি ও সমর্থন বাড়ানোর জোরালো আহ্বান জানাই।
আন্তোনিও গুতেরেস আরও বলেন, আমাদের বিশ্বে যখন বিভেদ আরও গভীর হচ্ছে, তখন নতুন ও দীর্ঘস্থায়ী সংঘাত লাখ লাখ নারী, শিশু এবং পুরুষকে ঘরবাড়ি ছেড়ে দূরে কোথাও নিরাপত্তা খুঁজতে বাধ্য করছে। এই অশান্ত সময়টি সংঘাত বা নিপীড়নের কারণে বাস্তুচ্যুত মানুষের সুরক্ষায় নতুন করে সংহতি প্রকাশ এবং জোরালো পদক্ষেপ নেওয়ার একটি মুহূর্ত হওয়া উচিত। এর মধ্যে রয়েছে ‘রিফিউজি কনভেনশন’ বা শরণার্থী কনভেনশনকে সমুন্নত রাখা, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ৭৫ বছর আগে গ্রহণের পর থেকে লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছে।
শরণার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে গুতেরেস বলেন, আসুন আমরা উন্নয়নশীল দেশগুলোর সম্প্রদায়গুলোর উদারতায় অনুপ্রাণিত হই, যারা বিশ্বের প্রায় তিন-চতুর্থাংশ শরণার্থীকে আশ্রয় দিয়েছে। একসঙ্গে মিলে আমরা বাধ্য হয়ে পালিয়ে আসা সকল মানুষের অধিকার রক্ষা করতে পারি—এখন এবং আগামী প্রজন্মের জন্য।
