২৪ ঘণ্টায় ইউক্রেনের ১১১০ সেনা হতাহতের দাবি রাশিয়ার

রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন রণাঙ্গনে ইউক্রেনের প্রায় ১ হাজার ১১০ সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রুশ বার্তা সংস্থা তাস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের দাবি, রুশ বাহিনীর বিভিন্ন সামরিক গ্রুপের সঙ্গে সংঘর্ষে ইউক্রেনের জনবল, সাঁজোয়া যান এবং অন্যান্য সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, উত্তরাঞ্চলে রাশিয়ার নর্দার্ন গ্রুপ অব ফোর্সেসের সঙ্গে সংঘর্ষে ইউক্রেনের প্রায় ১৫৫ সেনা হতাহত এবং ছয়টি যানবাহন ধ্বংস হয়েছে। ওয়েস্টার্ন গ্রুপের অভিযানে ইউক্রেনের ২২০ জনের বেশি সেনা হতাহত এবং দুটি সাঁজোয়া যুদ্ধযান ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে।
এ ছাড়া রাশিয়ার সাউদার্ন গ্রুপ অব ফোর্সেসের সঙ্গে লড়াইয়ে ইউক্রেনের প্রায় ১৭৫ সেনা হতাহত এবং একটি সাঁজোয়া যুদ্ধযান হারানোর দাবি করেছে মস্কো।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দৈনিক প্রতিবেদনে সেন্ট্রাল, ইস্টার্ন ও ডিনিপার গ্রুপের আওতাধীন এলাকায় সংঘর্ষের তথ্যও তুলে ধরা হয়েছে। এতে দাবি করা হয়, সেন্ট্রাল সেক্টরে ইউক্রেনের ৩৪০ জনের বেশি, ইস্টার্ন সেক্টরে প্রায় ২০০ জন এবং ডিনিপার সেক্টরে প্রায় ২০ সেনা হতাহত হয়েছেন।
এদিকে ইউক্রেনের ড্রোন উৎপাদন ও সংরক্ষণাগার, স্থলভিত্তিক রোবোটিক ব্যবস্থা, জ্বালানি অবকাঠামো এবং সামরিক অবস্থানসহ ১৪৬টি স্থানে হামলা চালানোর দাবি করেছে রাশিয়া।
রুশ মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইউক্রেনের ৮৭২টি ফিক্সড-উইং ড্রোন, চারটি গাইডেড অ্যারিয়াল বোমা এবং দুটি নেপচুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
তবে রাশিয়ার দেওয়া হতাহতের এসব পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে, ইউক্রেনের জেনারেল স্টাফ ২৬ নভেম্বরের নিজস্ব প্রতিবেদনে দাবি করেছে, আগের ২৪ ঘণ্টায় রাশিয়ার ২ হাজার ৩১৯ সেনা হতাহত হয়েছেন। দুই দেশের পাল্টাপাল্টি পরিসংখ্যানে যুদ্ধক্ষেত্রের ক্ষয়ক্ষতি নিয়ে ব্যাপক পার্থক্য দেখা যাচ্ছে।
এদিকে যুদ্ধ পরিস্থিতি নিয়ে গত ২৫ নভেম্বর ফ্লোরিডার মার-আ-লাগোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ন্যাটো মহাসচিব মার্ক রুটে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে দুই নেতা রাশিয়াকে এমন কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানান, যাতে সংঘাত আরও বিস্তৃত হতে পারে। পাশাপাশি দ্রুত ও শান্তিপূর্ণভাবে যুদ্ধের অবসানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তারা।
বৈঠকে ইরান-সংশ্লিষ্ট যুদ্ধ পরিস্থিতি এবং ন্যাটো ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যয় ও বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ অব্যাহত রয়েছে। তবে এ পর্যন্ত যুদ্ধে মোট সামরিক হতাহতের কোনো পরিসংখ্যানই স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।



