এআইয়ের প্রভাবে ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে টেক জায়ান্ট কোম্পানি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বিনিয়োগ ও ব্যবসায়িক কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে জার্মানির প্রযুক্তি প্রতিষ্ঠান স্যাপ।
এ উদ্যোগ বাস্তবায়িত হলে প্রতিষ্ঠানটির বিক্রয়, পণ্য উন্নয়ন ও প্রকৌশল বিভাগে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে। তবে কর্মী কমানোর বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট সংখ্যা জানায়নি কোম্পানিটি।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইউরোপের বৃহত্তম প্রযুক্তি প্রতিষ্ঠান স্যাপ তাদের ব্যবসায়িক কার্যক্রমে এআইয়ের ব্যবহার বাড়াতে চায়। এ লক্ষ্যে কোম্পানির বিভিন্ন বিভাগকে কর্মীসংখ্যা কমানোর সম্ভাব্য ক্ষেত্র চিহ্নিত করতে বলা হয়েছে। পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে কোন বিভাগে কতজন কর্মী কমানো হতে পারে, তা নিয়ে কাজ চলছে।
কর্মী কমানোর পরিকল্পনায় শুধু সরাসরি ছাঁটাই নয়, স্বেচ্ছা অবসর এবং স্বাভাবিক প্রক্রিয়ায় কর্মীসংখ্যা কমানোর বিষয়ও থাকতে পারে বলে ধারণা করছেন প্রযুক্তি খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে এ শেষ পর্যন্ত কতজন কর্মী প্রভাবিত হবেন, সে বিষয়ে কোম্পানির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
প্রতিষ্ঠানটি প্রায় তিন বছর আগেই ব্যবসায়িক কাঠামো পুনর্গঠনের ইঙ্গিত দিয়েছিল। সে সময় স্যাপ জানিয়েছিল, পরিবর্তিত প্রযুক্তি ও ব্যবসায়িক পরিবেশের সঙ্গে তাল মেলাতে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যার প্রভাব কর্মীদের ওপরও পড়তে পারে।
জার্মানিভিত্তিক স্যাপ বিশ্বের বিভিন্ন বড় শিল্পপ্রতিষ্ঠানের জন্য ব্যবসায়িক সফটওয়্যার তৈরি করে। ইউরোপের বৃহত্তম প্রযুক্তি কোম্পানি হিসেবে পরিচিত প্রতিষ্ঠানটির কর্মীসংখ্যা বিশ্বজুড়ে প্রায় এক লাখ।
প্রতিষ্ঠানটির সফটওয়্যার মূলত অর্থ ব্যবস্থাপনা, সরবরাহব্যবস্থা ও মানবসম্পদ ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কাজে ব্যবহৃত হয়। জটিল ব্যবসায়িক কার্যক্রম সহজ ও কার্যকরভাবে পরিচালনায় এসব সফটওয়্যার সহায়তা করে।
প্রযুক্তি খাতে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে স্যাপও তাদের ব্যবসায়িক কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াচ্ছে। গত দুই বছরে এআইনির্ভর সফটওয়্যার ও প্রযুক্তিগত সরঞ্জামের চাহিদা বেড়েছে। এর ফলে বিভিন্ন প্রতিষ্ঠান প্রচলিত প্রযুক্তি থেকে বিনিয়োগ সরিয়ে এআই খাতে গুরুত্ব দিচ্ছে।
উৎপাদনশীলতা বাড়ানো এবং পরিচালন ব্যয় কমিয়ে মুনাফা বৃদ্ধির লক্ষ্যেই কোম্পানিগুলো এআই প্রযুক্তির দিকে ঝুঁকছে। স্যাপ-এর কর্মীসংখ্যা কমানোর পরিকল্পনাকেও এই পরিবর্তিত ব্যবসায়িক কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে।
কর্মীসংখ্যা কমানোর উদ্যোগ স্যাপ-এর জন্য নতুন নয়। ২০২৪ সালের শুরুতে প্রতিষ্ঠানটি ব্যবসায়িক পুনর্গঠনের ঘোষণা দিয়েছিল। ওই কর্মসূচিতে প্রায় ৮ হাজার পদ প্রভাবিত হওয়ার কথা জানানো হয়েছিল।
তখন কোম্পানিটি জানিয়েছিল, কৌশলগতভাবে প্রবৃদ্ধির সম্ভাবনাময় খাতগুলোতে গুরুত্ব বাড়ানো হবে। বিশেষ করে ব্যবসায়িক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্প্রসারণ ছিল তাদের অন্যতম লক্ষ্য।
সূত্র: এনডিটিভি অনলাইন ও ব্লুমবার্গের প্রতিবেদন।



