logo

২৪ ঘণ্টায় হুতির ওপর ১১৬৪ হামলা

আরব নিউজ
আরব নিউজ
২৪ ঘণ্টায় হুতির ওপর ১১৬৪ হামলা
তাইজে হুতির অবস্থান লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

ইয়েমেনে তাইজ প্রদেশে হুতি বাহিনীর বিরুদ্ধে অভিযান আরও জোরদার করে নতুন কয়েকটি অবস্থান দখলের দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। গত ২৪ ঘণ্টায় হুতির অবস্থান লক্ষ্য করে ১ হাজার ১৬৪টি হামলা চালিয়েছে তারা। এ সময় আনুমানিক ৫৫৮ হুতি যোদ্ধাকে নিষ্ক্রিয় করা হয়েছে বলেও জানিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী।

মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোমাধ্যম এক্সে দেওয়া এ তথ্য জানিয়েছেন ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র মাজেদ আল-নুজাইলি। পোস্টে তিনি বলেন, ‘অপারেশন ডন অফ ইয়েমেন’-এর অংশ হিসেবে সরকারি সৈন্যরা ব্যাপক বিমান ও গোলন্দাজ বাহিনীর সহায়তায় তাইজে হুতি যোদ্ধাদের পিছু হটতে বাধ্য করেছে।

ইয়েমেনের সরকারি সেনাবাহিনী জানায়, অভিযান চলাকালে তারা ১৩৫টি হুতি সামরিক যানবাহন ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করেছে। এই অভিযানটি চালানো হয় মিলিশিয়াদের সৈন্য সমাবেশ, অতিরিক্ত সৈন্য সমাবেশ, দুর্গ ও সরবরাহ পথগুলোকে লক্ষ্য করে।

আল-নুজাইলি বলেন, যুদ্ধবিমান, ড্রোন, ফিল্ড আর্টিলারি, রকেট লঞ্চার এবং স্নাইপার ইউনিট ব্যবহার করে এই হামলা চালানো হয়। এসব হামলায় হুতি বাহিনীর গোলাবর্ষণের অবস্থান ও সরবরাহ লাইন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, পশ্চিম উপকূল বরাবর ও কৌশলগত বাব আল-মান্দেব প্রণালির কাছে সরকারি সৈন্যরা হুতিদের অগ্রযাত্রা প্রতিহত করেছে এবং সৈন্য সমাবেশ এলাকা ও গোলাবর্ষণের অবস্থানগুলোতে হামলা চালিয়েছে। সর্বশেষ অভিযানে ফিল্ড কমান্ডারসহ ৫৫৮ জন হুতি যোদ্ধাকে নিষ্ক্রিয় করা হয়েছে। পাশাপাশি সরকারি বাহিনী তাদের দখলকৃত এলাকা আরও সম্প্রসারিত করে চলেছে।

গত ৫ অক্টোবর ‘অপারেশন ডন অব ইয়েমেন’ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও ইরান-সমর্থিত হুতি মিলিশিয়াদের মধ্যে লড়াই তীব্রতর হয়েছে। ইয়েমেনে বৈধতা পুনরুদ্ধারের সৌদি আরব নেতৃত্বাধীন জোট এই অভিযানে বিমান সহায়তা দিয়েছে। অভিযানের লক্ষ্য হুতি-নিয়ন্ত্রিত এলাকা পুনরুদ্ধার করা এবং রাজধানী সানাসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর সরকারি নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা।