logo

কুয়েতে দুই ইতালীয় নিহতের ঘটনায় ব্যবহৃত ড্রোন ইরানে তৈরি, দাবি তদন্তকারীদের

কুয়েতে দুই ইতালীয় নিহতের ঘটনায় ব্যবহৃত ড্রোন ইরানে তৈরি, দাবি তদন্তকারীদের
ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। ছবি: কিউএন

কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় ব্যবহৃত ড্রোনটি ইরানে তৈরি বলে নিশ্চিত করেছে দেশটির তদন্তকারী কর্তৃপক্ষ। তবে ড্রোনটি ইরানের ভূখণ্ড থেকে উৎক্ষেপণ করা হয়নি বলে দাবি করেছে তেহরান। একই সঙ্গে ঘটনার প্রকৃত দায়ী পক্ষ শনাক্ত করতে ইতালি ও কুয়েতের সঙ্গে যৌথ তদন্ত কমিশনে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান।

শনিবার (২৮ নভেম্বর) ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি এ তথ্য জানিয়েছেন।

Advertisement

তাজানি বলেন, কুয়েতের তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, হামলায় ব্যবহৃত ড্রোনটি ইরানে তৈরি। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তাকে জানিয়েছেন, ড্রোনটি ইরানের সশস্ত্র বাহিনী উৎক্ষেপণ করেনি এবং সেটি ইরানের ভূখণ্ড থেকেও ছোড়া হয়নি।

তাজানি আরও বলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঘটনার প্রকৃত দায় নির্ধারণে ইতালি ও কুয়েতের সঙ্গে একটি যৌথ তদন্ত কমিশনে অংশ নিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুয়েতের একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হন। তারা জার্মান প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটাল গ্রুপের ইতালীয় সহযোগী প্রতিষ্ঠান রাইনমেটাল ইতালিয়ার কর্মী ছিলেন। হামলার সময় তারা কুয়েতের একটি আকাশ প্রতিরক্ষা নজরদারি কেন্দ্রে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহত দুই প্রযুক্তিবিদ হলেন ৬৫ বছর বয়সী আন্তোনিও সাক্কোচিও এবং ৩৬ বছর বয়সী এমানুয়েলে লো রুসো। ড্রোন প্রতিহত করার পর ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষের আঘাতে তারা প্রাণ হারান। এ ঘটনায় কুয়েতের একজন সেনা কর্মকর্তা ও একজন পাকিস্তানি নাগরিকও আহত হন।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির একটি গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালানো হয়েছিল। হামলায় স্থাপনাটির কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে।

ইতালি ও কুয়েত এ হামলার জন্য ইরানকে দায়ী করেছে। তবে ইরানের সশস্ত্র বাহিনী, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রোমে অবস্থিত ইরানি দূতাবাস অভিযোগ অস্বীকার করেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ইতালি ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলে নিহতদের ঘটনায় শোক প্রকাশ করেন। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্তে সহযোগিতার প্রস্তাব দেন।

এদিকে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েনও এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ইরানের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের প্রভাব উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। কুয়েতসহ উপসাগরীয় কয়েকটি দেশ সাম্প্রতিক সময়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

সোহানুর রহমান

সম্পাদনা

সোহানুর রহমান

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট