logo

সোমবারের মধ্যে শান্তিচুক্তি সম্ভব: মার্কো রুবিও

সোমবারের মধ্যে শান্তিচুক্তি সম্ভব: মার্কো রুবিও
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে প্রতীক্ষিত শান্তিচুক্তি আজ সোমবারের মধ্যে সম্পন্ন হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

সরকারি সফরে ভারতের রাজধানী নয়দিল্লিতে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে বিদায় নেওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সোমবার (২৫ মে) চুক্তি আলোচনার অগ্রগতি নিয়ে এ মন্তব্য করেছেন তিনি।

তবে রুবিও স্পষ্ট করে দিয়েছেন, যেকোনো ধরনের হামলা, আক্রমণ ও আগ্রাসনের বিরুদ্ধে ইসরায়েলের নিজেদের নিরাপত্তা ও আত্মরক্ষার অধিকার রয়েছে।

তিনি আরও বলেন, আমরা ধারণা করেছিলাম গত রাতেই হয়তো চুক্তির বিষয়ে বড় কোনো সুখবর আসবে। সেটি না হলেও আজ যেকোনো মুহূর্তে এই ঘোষণা আসতে পারে। তবে বিষয়টি নিয়ে এই মুহূর্তে খুব বেশি আগাম মন্তব্য বা অনুমান করা ঠিক হবে না।

একইসঙ্গে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি ও নিরাপত্তা প্রসঙ্গে টেনে তিনি বলেন, নিজেদের রক্ষা করার অধিকার ইসরায়েলের সবসময় আছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যদি ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার প্রস্তুতি নেয় বা হামলা চালায়, তবে ইসরায়েলও তার উপযুক্ত জবাব দেওয়ার পূর্ণ অধিকার রাখে।

তিন মাস ধরে চলা যুদ্ধ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বেশ কঠোর ও হুঁশিয়ারির সুরে ওয়াশিংটনের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি জানান, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের হয় একটি সুনির্দিষ্ট ও ভালো চুক্তি হবে, আর তা না হলে তাদের অন্যভাবে মোকাবিলা করা হবে।

মূলত এই বক্তব্যের মাধ্যমে ওয়াশিংটন ইঙ্গিত দিয়েছে, চুক্তির বিষয়ে খুব দ্রুত বড় কোনো নাটকীয় অগ্রগতি হওয়ার সম্ভাবনাকে এখনও নিশ্চিত ধরে নেওয়া যাচ্ছে না।

এর আগে গত রোববার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের আলোচনাকারী দলকে ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্টের বার্তার সূত্র ধরে পররাষ্ট্রমন্ত্রী রুবিও নয়াদিল্লিতে সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, ইরান সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য সামরিক বা অন্য কোনো ‘বিকল্প পথ’ খোঁজার আগে, যুক্তরাষ্ট্রের প্রশাসন কূটনৈতিক আলোচনা সফল করার সব ধরনের সুযোগ ও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।

সূত্র: ফ্র্যাঞ্চ ২৪