logo

রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতির

আগুনে ব্যাপক ক্ষতিগ্রস্ত সৌদিয়ার উড়োজাহাজ
দ্য গার্ডিয়ান
দ্য গার্ডিয়ান
রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতির
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা উঠছে। ছবি: রয়টার্স

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীরা। এ ঘটনায় সৌদিয়া এয়ারলাইনসের একটি বাণিজ্যিক উড়োজাহাজ আগুনে পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তি। বৃহস্পতিবার (স্থানীয় সময়) এ ঘটনা ঘটে।

হুতিরা হামলার দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি। অন্যদিকে, এ বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বার্তা সংস্থা রয়টার্সকে সূত্রগুলো জানিয়েছে, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর ছিটকে পড়া ধ্বংসাবশেষ অথবা অন্য কোনো প্রক্ষেপণের আঘাতে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে যায়। এ সময় উড়োজাহাজটি টার্মিনালের কাছে দাঁড় করানো ছিল। ঘটনার সময় বিমানটিতে কোনো যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে না। তবে কেউ আহত হয়েছেন কি না, তা নিশ্চিত করতে পারেননি তাঁরা।

প্রত্যক্ষদর্শীরা রিয়াদে একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন। এর মধ্যে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের বিস্ফোরণের শব্দও ছিল। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এক প্রত্যক্ষদর্শী জানান, ঘটনাস্থলে আগুন নেভানোর গাড়ি ও অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়। রয়টার্সের যাচাই করা একটি ভিডিওতে বিমানবন্দর থেকে আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই প্রত্যক্ষদর্শী জানান, বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার ফ্লাইটগুলো বন্ধ করে দেওয়া হয় এবং যাত্রীদের বিমানবন্দর খালি করার নির্দেশ দেওয়া হয়।

এদিকে, রিয়াদগামী ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে জার্মানির লুফথানসা ও ভারতের এয়ার ইন্ডিয়া। বিমান চলাচল বিশ্লেষক প্রতিষ্ঠান সিরিয়ামের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় (জিএমটি) ১৫টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দরের প্রায় অর্ধেক ছেড়ে যাওয়ার ফ্লাইট বাতিল করা হয়েছে। শুক্রবার সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে আরও ৩১টি ফ্লাইট বাতিল হতে পারে।

এর আগে বুধবার সৌদি কর্তৃপক্ষ জানায়, চলতি সপ্তাহে রিয়াদ ও দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আভা বিমানবন্দরে হামলায় তিনজন নিহত হয়েছেন।

সৌদি আরবে হামলা জোরদার হুতিদের

বৃহস্পতিবার সৌদি আরবের বিরুদ্ধে হামলা আরও জোরদার করেছে হুতি বিদ্রোহীরা। দেশটির আকাশসীমায় বিমান চলাচল ব্যাহত করার চেষ্টা করার পাশাপাশি জ্বালানি স্থাপনাগুলোর কর্মীদের সেখান থেকে দূরে থাকার সতর্কবার্তা দিয়েছে গোষ্ঠীটি। এসব স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।

অন্যদিকে, সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিহত করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ রিয়াদের একটি কিন্ডারগার্টেন ও চিকিৎসাকেন্দ্রে আঘাত হেনেছে।

ইয়েমেনে পুনরায় তীব্র হয়ে ওঠা গৃহযুদ্ধে সরকারি বাহিনীকে সমর্থন দেওয়ার অভিযোগ তুলে সৌদি আরবে হামলা চালানোর কথা বলছে হুতিরা। সৌদি আরবের দাবি, হুতিদের কাছ থেকে ভূখণ্ড পুনর্দখলে ইয়েমেনের জাতিসংঘ-স্বীকৃত সরকারকে সহায়তা করছে তারা।

তাইজ শহরের দিকে অগ্রসর হচ্ছে হুতিরা

এদিকে, গত এক মাসে ইয়েমেনের উপকূলীয় সমভূমিতে দ্রুত অগ্রসর হয়েছে হুতি বাহিনী। বুধবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাদের আরও অগ্রগতির খবর পাওয়া গেছে। এ সময় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তাইজ শহরের কাছাকাছি পৌঁছে যায় গোষ্ঠীটি।

স্বাধীন পর্যবেক্ষকদের মতে, হুতিরা তাইজ দখলের পথে এগিয়ে যেতে পারে—এমন আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বাহিনীর কিছু অংশ গুরুত্বপূর্ণ বন্দরনগরী এডেনের নিরাপত্তা জোরদার করতে পিছু হটছে বলেও ইঙ্গিত পাওয়া গেছে।

এমন পরিস্থিতির মধ্যেই চলতি সপ্তাহে রিয়াদে জ্বালানিবিষয়ক নীতিনির্ধারকদের বড় সম্মেলন ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কাউন্সিল (ডব্লিউপিসি) এনার্জি কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিমানবন্দরে হামলার দাবি এবং ফ্লাইট চলাচলে বিঘ্নের কারণে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।